
Iran National Football Team: মাঠের পাশে রাখা এক গাড়ি। তার মধ্যে পচা-গলা মৃতদেহ। এই ঘটনার কথা জানলে সবারই অস্বস্তি হতে বাধ্য। এমনকী, অনেকে আতঙ্কিতও হয়ে পড়তে পারেন। ইরান দলের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। মেক্সিকোয় (Mexico) যেখানে ইরানের ফুটবলাররা অনুশীলন করতে গিয়েছিলেন, সেই মাঠের ঠিক পাশ থেকে উদ্ধার হয়েছে পচা-গলা মৃতদেহ। মেক্সিকোর তিজুয়ানা (Tijuana) শহরে ক্যালিয়েন্তে স্টেডিয়ামে (Estadio Caliente) অনুশীলন করতে গিয়েছিল ইরান দল। সেই সময় স্টেডিয়ামের ঠিক সামনে এক সুপারমার্কেটের পার্কিং লটে রাখা গাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। এই গাড়িতে ক্যালিফোর্নিয়ার (California) নাম্বার প্লেট ছিল। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তারপর ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। তাঁরা গিয়ে গাড়ি পরীক্ষা করেন। এরপর মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এই গাড়ি কার এবং উদ্ধার হওয়া মৃতদেহ কার, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
তিজুয়ানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের টহল চলার সময় এই মৃতদেহ উদ্ধার হয়। গাড়ি পরীক্ষা করে পুলিশকর্মীরা দেখতে পান, গাড়ির মধ্যে এক কালো ব্যাগে মৃতদেহ রাখা আছে। দেহ দেখে মনে হচ্ছে নৃশংস অত্যাচার চালানোর পর খুন করা হয়েছে। কয়েকদিন ধরে সুপারমার্কেটের পার্কিং লটে গাড়িটি ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এখন তিজুয়ানায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকছে। এর মধ্যে গাড়িতে কয়েকদিন ধরে থাকার ফলেই দেহটিতে পচন ধরেছে।
মৃতদেহটি কার, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে না পারলেও, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ড্রাগ মাফিয়াদের দ্বন্দ্বের ফলেই খুন হয়ে থাকতে পারে। মেক্সিকোতে ড্রাগ মাফিয়ারা অত্যন্ত সক্রিয়। সারা বিশ্বে যত খুন হয়, তার মধ্যে এগিয়ে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও মেক্সিকো সীমান্তের শহর তিজুয়ানা অপরাধের জন্য কুখ্যাত। গত বছর এই শহরে ১,২০০-এরও বেশি খুন হয়েছে। সেখানেই এখন ইরান দল আছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।