
FIFA World Cup 2026 Updates: নিজেদের দেশে প্রথমবার আয়োজিত বিশ্বকাপ ফুটবলে বিরাট চমক কানাডার (Canada)। যে দলটা এবারের বিশ্বকাপ ফুটবলের আগে কোনওবারই পয়েন্ট পায়নি, তারাই এবার নক-আউটে খেলা প্রায় নিশ্চিত করে ফেলল। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার (Bosnia and Herzegovina) বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করে প্রথম পয়েন্ট পাওয়ার পর ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে কাতারকে (Qatar) ৬-০ উড়িয়ে বিশ্বকাপ ফুটবলে প্রথম জয় পেল। দুই অর্ধে দুই ফুটবলার লাল কার্ড দেখায় কাতারকে নয় জনে খেলতে হয়। এর ফলে কানাডার জয় সহজ হয়ে যায়। হ্যাটট্রিক করলেন জোনাথন ডেভিড (Jonathan David)।
কাতারকে উড়িয়ে দেওয়ার ফলে চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ বি-তে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে শীর্ষে কানাডা। দ্বিতীয় স্থানে থাকা সুইৎজারল্যান্ডও (Switzerland) দুই ম্যাচ খেলে চার পয়েন্ট করে পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় সবার আগে কানাডা। গ্রুপের শেষ ম্যাচে সুইসদের মুখোমুখি হবে কানাডা। সেই ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে পৌঁছে যাবে। ম্যাচ ড্র হলে দুই দলই নক-আউটে পৌঁছে যাবে। এমনকী, এই ম্যাচে যে দল হেরে যাবে, তাদেরও নক-আউটের যোগ্যতা অর্জনের সম্ভাবনা উজ্জ্বল।
এদিন শুরু থেকেই দাপট ছিল কানাডার। একপেশে ম্যাচে কাতার বিশেষ লড়াই করতে পারেনি। ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন সাইল ল্যারিন (Cyle Larin)। ২৯ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন ডেভিড। তিনিই প্রথমার্ধের সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ান। এরই মধ্যে ম্যাচের প্রথম লাল কার্ড দেখেন হোমাম এল আমিন (Homam El Amin)। ৫৩ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখেন আসিম মাদিবো (Assim Madibo)। ৬৪ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন নাথান স্যালিবা (Nathan Saliba)। ৭৫ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মহম্মদ মানাই (Mohammad Manai)। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ডেভিড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।