
India vs Namibia: নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ওপেনার নিয়ে সমস্যায় ভারতীয় দল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও, শরীর এখনও দুর্বল। রবিবার আবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan)। সেই ম্যাচের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। অপর ওপেনার ঈশান কিষান (Ishan Kishan) বুধবার অনুশীলনের সময় নেটে ব্যাটিং করতে গিয়ে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) বলে হাঁটুতে চোট পান। ফলে ঈশানও নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন কি না স্পষ্ট নয়। সঞ্জু স্যামসন (Sanju Samson) খেলার জন্য তৈরি। কিন্তু তাঁর সঙ্গে কে ব্যাটিং ওপেন করতে যাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নামিবিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের সহজ জয়ই পাওয়ার কথা। কিন্তু প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
অসুস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA) খেলতে পারেননি জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তবে এই তারকা পেসার বৃহস্পতিবার খেলতে পারেন বলে জল্পনা চলছে। সেক্ষেত্রে গত ম্যাচে ভালো বোলিং করার পরেও মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) দলের বাইরে থাকতে হতে পারে। আবার শোনা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে। কলম্বোর (Colombo) পিচ থেকে সাধারণত সাহায্য পান স্পিনাররা। এই কারণে রবিবার ভারতীয় দলে অতিরিক্ত স্পিনার রাখা হতে পারে। নেটে ভালোভাবেই বোলিং করেছেন বুমরা। তিনি খেলার জন্য তৈরি। কুলদীপও খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।
চোট সারিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তিনি দলের সবার সঙ্গে অনুশীলনও করেছেন। ক্রিকেট মহলে জল্পনা চলছে, বৃহস্পতিবার অভিষেক ও ঈশানকে বিশ্রাম দেওয়া হলে, সঞ্জুর সঙ্গে ওয়াশিংটনকে ওপেন করতে পাঠানো হতে পারে। প্রতিপক্ষ নামিবিয়া বলেই এই ঝুঁকি নেওয়া হতে পারে। এই ম্যাচে মিডল অর্ডারের ব্যাটারদেরও বড় পরীক্ষা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।