India vs Namibia: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। কিন্তু এই ম্যাচের আগে ক্রিকেটারদের চোট, অসুস্থতা নিয়ে সমস্যায় ভারতীয় দল।

DID YOU
KNOW
?
চোট নিয়ে সমস্যায় ভারত
চলতি টি-২০ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন।

Ishan Kishan Injury: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) একের পর এক সমস্যায় জর্জরিত ভারতীয় দল। অসুস্থতা, চোট-আঘাত পিছু ছাড়ছে না। অসুস্থতার জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। এবার অনুশীলনে চোট পেলেন অপর এক ওপেনার ঈশান কিষান (Ishan Kishan)। তিনিও বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে (India vs Namibia) ম্যাচে অনিশ্চিত। ফলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) সঙ্গে কে ওপেন করবেন, তা এখনও স্পষ্ট নয়। দুই ওপেনারই অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় শিবির। কারণ, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচ। সেই ম্যাচে সেরা দলই নামাতে চাইছে ভারত।

কীভাবে চোট পেলেন ঈশান?

বুধবার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় হঠাৎ চোট পান ঈশান। বুমরার ইয়র্কার তাঁর হাঁটুতে আঘাত করে। এই আঘাত পাওয়ার পরেই মাঠে বসে পড়েন ঈশান। তাঁর চোখ-মুখ দেখেই বোঝা যাচ্ছিল, প্রবল যন্ত্রণা ও অস্বস্তি হচ্ছে। সতীর্থরা ছুটে যান। ভারতীয় দলের ফিজিও চোট পরীক্ষা করেন। চোট গুরুতর কি না, তা এখনও জানা যায়নি। তবে ভারতীয় শিবিরে চিন্তা বেড়েছে।

ঈশানের চোট নিয়ে সতর্ক ভারতীয় শিবির

এদিন চোট পাওয়ার পর নেট থেকে বেরিয়ে যান ঈশান। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর উঠে দাঁড়ান এই উইকেটকিপার-ব্যাটার। তিনি ফের নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন। কিছুক্ষণ নেটে কাটানোর পর তিনি মাঠ ছাড়েন। তিনি বৃহস্পতিবার খেলতে পারবেন কি না, সে বিষয়ে ভারতীয় দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। আপাতত এই উইকেটকিপার-ব্যাটারের চোটের উপর নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবার ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় শিবির। সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।