
Abhishek Sharma Batting: সম্প্রতি জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ ছয় আন্তর্জাতিক টি-২০ ইনিংসে মাত্র ৪০ রান করেছেন। জিম্বাবোয়ে সফরে (India Tour of Zimbabwe, 2026) তিন ম্যাচের কোনওটিতেই দুই অঙ্কের রান করতে পারেননি। তবে সেই খারাপ সময় কাটিয়ে এবার দুর্দান্ত ব্যাটিং করে ছন্দে ফিরলেন অভিষেক শর্মা। রবিবার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে অনুষ্ঠিত পাঞ্জাব আন্তঃজেলা সিনিয়র পুরুষদের ওয়ান ডে টুর্নামেন্টে (Punjab Inter-District Men's Senior One-Day Tournament) অমৃতসরের হয়ে তরণ তারণের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেললেন অভিষেক। এই তরুণ ওপেনার মাত্র ৯১ বলে ২৩৩ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও ২৫টি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪। অভিষেকের এই অসামান্য ব্যাটিংয়ের সুবাদেই ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় অমৃতসর।
তরণ তারণের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেকের বিস্ফোরক ইনিংসের উপর ভর করে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৫৩৩ রান করে অমৃতসর। ইনিংসের শুরুতেই অভয় চৌধুরীর সঙ্গে ৩০৫ রানের দুর্দান্ত ওপেনিং জুটি গড়েন অভিষেক। অভয় ৮৫ বলে ৯৩ রান করেন। এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে মিডল অর্ডারে অভিনব শর্মা ৫১, সাহিল শর্মা ৩৭ এবং সুমিত শর্মা অপরাজিত ২৩ রান করে দলকে ৫০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে তরণ তারণের পক্ষে জয় পাওয়া সম্ভব ছিল না। আর্শদীপ সিং ১০৮ এবং মনপ্রীত সিং সান্ধু ৬২ রান করে লড়াই করার চেষ্টা করলেও নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩১৩ রানেই থেমে যায় তাদের ইনিংস।
ABHISHEK SHARMA MAKES A STATEMENT 🔥
- He smashed 233 runs from just 91 balls with 15 fours & 25 sixes against Tarn Taran Men Sr in the One Day District match pic.twitter.com/QV4k83Oo5e— Johns. (@CricCrazyJohns) August 2, 2026
ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিষেক। বাঁ হাতি স্পিনে তিনি জোড়া উইকেট নেন। প্রথমে ২৬ রান করা করণবীর সিং ধিলোঁকে আউট করেন, পরে শতরান করা আর্শদীপকেও ফিরিয়ে দেন। ৯ ওভারে ৭১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।