Afghanistan vs India: আফগানদের বিরুদ্ধে ওপেনার সঞ্জু না বৈভব? দোটানায় শ্রেয়াস

Published : Sep 12, 2026, 10:14 PM IST
Vaibhav Sooryavanshi Afghanistan vs India

সংক্ষিপ্ত

Afghanistan vs India T20: রবিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। এই সিরিজে অভিনব ঘটনা দেখা যেতে চলেছে। ভারতের মাটিতে খেলা হলেও, এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU KNOW ?
নজরে ঈশান কিষাণ
দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ২ ইনিংস মিলিয়ে ৩৫০ রান করেছেন ঈশান কিষাণ। এবার তিনি ভারতীয় দলের হয়ে খেলবেন।

Afghanistan vs India in India 2026: ওপেনার হিসেবে অভিষেক শর্মার (Abhishek Sharma) খেলা নিশ্চিত। দ্বিতীয় ওপেনার হিসেবে কে খেলবেন, সঞ্জু স্যামসন (Sanju Samson) না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)? আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের আগের দিন এ বিষয়ে দোটানায় ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। রবিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সেরা খেলোয়াড় নির্বাচিত হন সঞ্জু। অন্যদিকে, জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ১৫ বছর বয়সি বৈভব। টি-২০ ফর্ম্যাটে এখন বিশ্বের অন্যতম সেরা ওপেনার অভিষেক। এই কারণে তাঁর দলে থাকা নিশ্চিত। কিন্তু সঙ্গী ওপেনার কে হবেন, সে বিষয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।

দল বাছাই নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ওপেনিং জুটি ঠিক করা শ্রেয়াস এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পক্ষে কঠিন। শ্রেয়াস স্বীকার করেছেন, তিনজনের মধ্যে দু’জনকে বেছে নেওয়া সহজ হবে না। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'এই তিনজনকে দলে পাওয়া প্রথমত একটা বিলাসিতা। নিজেদের জায়গায় তিনজনই দুর্দান্ত। ফলে সিদ্ধান্তটা কঠিন হতে চলেছে। কারণ, তিনজনই ধারাবাহিকভাবে পারফর্ম করছে।' টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক আরও বলেছেন, ‘যে সুযোগ পাবে, সেটা অবশ্যই দলের জন্য ভালো হবে। যে মাঠের বাইরে থাকবে, তার সঙ্গে আমার এবং কোচের কথা বলা গুরুত্বপূর্ণ। তাকে আত্মবিশ্বাস দিতে হবে। বোঝাতে হবে যে, যেদিন সুযোগ আসবে, সেদিন সে অবশ্যই সুযোগ পাবে।’

বৈভব-সঞ্জুকে নিয়ে আলোচনা

সঞ্জু ও বৈভব দু’জনেরই সাম্প্রতিক টি-২০ সিরিজে ওঠানামা করা পারফরম্যান্স এবং সুযোগ পাওয়ার ধরন নিয়ে আলোচনা হয়েছে। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দু’টি ম্যাচ এবং ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলেন সঞ্জু। এরপর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্যাচে খেলেছিলেন বৈভব। পরে সিরিজের শেষ ম্যাচে ফেরেন তিনি। এরপর জিম্বাবোয়ে সফরে দুর্দান্ত ছন্দে ছিলেন ১৫ বছরের এই তরুণ। তিন ম্যাচের সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হন তিনি। তিনটি ম্যাচেই অভিষেকের সঙ্গে ওপেন করেন বৈভব। সেই সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল সঞ্জুকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে সঞ্জু এবং বৈভবকে যেভাবে ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও সমালোচনা হয়েছিল। ফলে আফগানিস্তান সিরিজ ভারতের পছন্দের ওপেনিং জুটি চূড়ান্ত করার গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে।

রবিবার খেলবেন ঈশান কিষান

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ঈশান কিষাণকে (Ishan Kishan) পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছেন শ্রেয়াস। শুক্রবার অনুশীলনের সময় পিঠে সামান্য চোট বা অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়েছিলেন বাঁ হাতি ব্যাটার ঈশান। তবে আপাতত বড় কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন ভারতের অধিনায়ক। সদ্য দলীপ ট্রফি (Duleep Trophy 2026) ফাইনালে অসাধারণ ব্যাটিং করেন ঈশান। তিনি দুর্দান্ত ফর্মে। এই কারণে তাঁকে দলে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারত-আফগানিস্তান সিরিজে ৩টি টি-২০ ম্যাচ হতে চলেছে।
দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের আয়োজক আফগানিস্তান।
Read more Articles on
click me!

Recommended Stories

England vs Pakistan: পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড, টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থা কী?
England vs Pakistan: এজবাস্টনে ৪ দিনেই জয় ইংল্যান্ডের, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান