
Asian Games 2026 Men's Cricket: এবারের এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারতের কাছে হারের যন্ত্রণা এখনও ভুলতে পারছেন না পাকিস্তানের (India vs Pakistan) ব্যাটার হাসান নওয়াজ (Hasan Nawaz)। এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারত ১৯ রানে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে। সেই ম্যাচে ৯৬ করলেও, পাকিস্তানকে জেতাতে পারেননি নওয়াজ। তাঁর মতে, ছোট ছোট কিছু ভুল করার জন্যই ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওয়াজ বলেছেন, ‘ফাইনালে জিততে না পারার হতাশা এবং কষ্ট এখনও রয়েছে। আমরা ছোট ছোট কিছু ভুল করেছি এবং তারই মাশুল দিতে হয়েছে।’
টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল ভারত। সেই দলের বিরুদ্ধে খেলা যে সবসময়ই কঠিন, তা মেনে নিয়েছেন নওয়াজ। নিজের ইনিংসে সন্তুষ্ট হলেও, ফাইনালে হারের হতাশা কাটছে না তাঁর। পাকিস্তানের এই ব্যাটার বলেছেন, ‘নিজের রান নিয়ে আমি সন্তুষ্ট। কিন্তু ফাইনালে হেরে যাওয়া খুবই হতাশাজনক। কারণ, সত্যিই বিশ্বাস করেছিলাম আমরা ম্যাচটা জিততে পারি। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করছিলাম। জানতাম শেষ দিকে ওদের একজন বোলার কম পড়বে এবং জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মাত্র এক ওভার বাকি থাকবে। কিন্তু রান তাড়া করতে গিয়ে আমরা কয়েকটি ভুল করেছি এবং শেষপর্যন্ত হেরে গিয়েছি।’ গত বছর বেশিরভাগ সময়ই দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে ভারতের বিরুদ্ধে এমন ইনিংস খেলতে পেরে ব্যক্তিগতভাবে খুশি নওয়াজ। তিনি বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে ভালো ইনিংস দিয়ে প্রত্যাবর্তন করতে পেরে ব্যক্তিগতভাবে খুবই তৃপ্তি পেয়েছি।’ ভারতের বিরুদ্ধে খেললে পাকিস্তানের ক্রিকেটাররা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন এই তরুণ ব্যাটার। তবে এশিয়ান গেমসের ফাইনালকে পিছনে ফেলে এখন ভবিষ্যতের দিকে তাকাতে চান তিনি। নওয়াজ বলেছেন, 'আমার মনে হয় ফাইনাল এখন অতীত। ক্রিকেট এবং ম্যাচ চলতেই থাকবে। আমরা ভবিষ্যতেও ভুল করব। কিন্তু ভারতকে হারাতে হলে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আরও ভালো ক্রিকেটার হয়ে উঠতে হবে।'
২০২৪ সালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করে নজর কেড়েছিলেন নওয়াজ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাকা করতে তিনি ঘরোয়া ও তৃণমূল স্তরের ক্রিকেটে নিয়মিত খেলার উপর জোর দিয়েছেন। তাঁর কথায়, ‘এই ধরনের ম্যাচে যে বোলারদের বিরুদ্ধে খেলতে হয় এবং যে ধরনের পিচ পাওয়া যায়, তা কঠিন পরিস্থিতিতে একজন ক্রিকেটারকে আরও ভালো করে তোলে। আন্তর্জাতিক ক্রিকেটে যখন তুলনামূলক ভালো ব্যাটিং কন্ডিশন পাওয়া যায়, তখন আত্মবিশ্বাসও বাড়ে।’ তবে ভবিষ্যৎ নিয়ে বেশি দূর ভাবতে চান না নওয়াজ। ঘরের মাঠে শ্রীলঙ্কা (Sri Lanka) ও ইংল্যান্ডের (England) বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে নিজের ভালো ফর্ম ধরে রাখাই এখন তাঁর লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।