
IPL 2027: আইপিএল-এর আগামী মরসুমের আগে কোচিং স্টাফে বড়সড় রদবদলের কথা ঘোষণা করল পাঞ্জাব কিংস। দলের ফাস্ট-বোলিং কোচ জেমস হোপস (James Hopes) এবং ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিনের (Brad Haddin) বিদায়ের কথা জানানো হয়েছে। এবারের আইপিএল-এ (IPL 2026) দল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় কোচিং স্টাফে বদল আনা হল। শুরুটা ভালো করেছিল শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। প্রথম কয়েক ম্যাচে অপরাজিত ছিল এই ফ্র্যাঞ্চাইজি। প্রায় এক মাস পয়েন্ট তালিকার শীর্ষেও ছিলেন শ্রেয়াসরা। কিন্তু তারপরেই ছন্দ হারায় দল। পরপর ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে শেষ করে পাঞ্জাব কিংস। ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি। আগামী মরসুমে ভালো ফলের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি।
সম্প্রতি হোপস ও হ্যাডিন পাঞ্জাব কিংস ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন, তাঁরা আর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে চান না। দু’জনই এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে (Australian Domestic Cricket) নতুন দায়িত্ব নিতে চলেছেন। হোপস কুইন্সল্যান্ড ও ব্রিসবেন হিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে, নিউ সাউথ ওয়েলসের (New South Wales) পুরুষ দলের দায়িত্ব নিয়েছেন হ্যাডিন। রিকি পন্টিং (Ricky Ponting) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার সময় তাঁর সঙ্গে এসেছিলেন হোপসও। হ্যাডিন অবশ্য আগে থেকেই পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত ছিলেন। পন্টিং ও শ্রেয়াসের নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুই কোচিং স্টাফ হোপস ও হ্যাডিনের। বিশেষ করে ২০২৫ সালের আইপিএল-এ দলের দুর্দান্ত পারফরম্যান্সের পিছনে তাঁদের অবদান ছিল উল্লেখযোগ্য। তবে ২০২৬ সালের আইপিএল-এ দুরন্ত শুরুর পর দলের পারফরম্যান্স ক্রমশঃ খারাপ হতে থাকে। পাঞ্জাবের ছন্দপতনের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল ফিল্ডিং। নিয়মিত ক্যাচ ফস্কাতে শুরু করেন দলের ক্রিকেটাররা। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে পাঞ্জাব। সহ-অধিনায়ক শশাঙ্ক সিংও (Shashank Singh) দলের ফিল্ডিং বিভাগের সমস্যার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় মরসুমের দ্বিতীয়ার্ধে পাঞ্জাবের সমস্যা বেড়ে যায়।
হোপস ও হ্যাডিনই পন্টিংয়ের সাপোর্ট স্টাফের সর্বশেষ সদস্য, যাঁরা পাঞ্জাব কিংস ছাড়লেন। এ বছরের আইপিএল-এর পর স্পিন-বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও (Sairaj Bahutule) দল ছেড়েছিলেন। ভারতের পুরুষ দলের স্পিন-বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। ফলে পরবর্তী আইপিএল-এর প্রস্তুতি শুরুর আগেই পন্টিংকে তাঁর কোচিং সাপোর্ট স্টাফের বড় একটি অংশ নতুন করে সাজাতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।