
Ayush Mhatre Injury: চোট পাওয়ার পরেও মাঠ না ছেড়ে ব্যাটিং চালিয়ে যাওয়াই কি কাল হল? তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, চলতি আইপিএল-এ (IPL 2026) আর হয়তো খেলতে পারবেন না। মঙ্গলবার সেই আশঙ্কা সত্যি হল। চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ূষ মাত্রে। চেন্নাই সুপার কিংসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে (Chennai Super Kings vs SunRisers Hyderabad) হ্যামস্ট্রিংয়ে চোট পান এই তরুণ ব্যাটার। তারপরেও তিনি দুই বল ব্যাটিং করেন। তারপর আউট হয়ে যান। চোট পাওয়ার পরেও আয়ূষকে ব্যাটিং করতে দেওয়ার জন্য সিএসকে ম্যানেজমেন্টকে তোপ দাগেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এবার আয়ূষ ছিটকে যাওয়ায় সিএসকে-র উপর চাপ বাড়ল। বিভিন্ন মহল থেকে সিএসকে ম্যানেজমেন্টের সমালোচনা করা হচ্ছে।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) সিএসকে-র হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩ বলে ৩০ রান করেন আয়ূষ। সিএসকে-র ইনিংসের পঞ্চম ওভারে ছুটে দ্বিতীয় রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই তরুণ ব্যাটার। ম্যাচ শেষ হওয়ার পর সিএসকে-র ব্যাটিং কোচ মাইকেল হাসি (Michael Hussey) জানান, 'ওর হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে বলেই মনে হচ্ছে। ওর চোট কতটা গুরুতর, তা আমি জানি না। তবে ওর চোট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা খুব খারাপ হল।' এবার জানা গেল, বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে আয়ূষকে। তাঁর পরিবর্ত হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি সিএসকে।
সিএসকে-র পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএল ২০২৬ থেকে ছিটকে গিয়েছেন আয়ূষ মাত্রে। সরকারিভাবে এই ঘোষণা করা হচ্ছে। ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিনি বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটের কারণেই তিনি ছিটকে গেলেন। তাঁকে ছয় থেকে ১২ সপ্তাহ পর্যন্ত রিহ্যাবে থাকতে হবে। আমরা আয়ূষের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।