
Pakistan Cricket Board: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করলেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) এই প্রাক্তন ব্যাটার। কিন্তু তাঁর পক্ষে বেশিদিন কাজ করা সম্ভব হয়নি। স্বাধীনভাবে কাজ করতে না পেরে সরে যেতে বাধ্য হন কার্স্টেন। পাকিস্তানের জাতীয় দলের কোচ হিসেবে কয়েক মাস কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হল, কাজে প্রচণ্ড হস্তক্ষেপ। এই পর্যায়ের ক্রিকেটে আমি এর আগে কখনও এরকম হস্তক্ষেপ দেখিনি। এরকম হস্তক্ষেপ মানা যায় না। এই হস্তক্ষেপের জন্যই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তোপ দেগে কার্স্টেন আরও বলেছেন, ‘অন্যরা যদি ক্রমাগত কাজে হস্তক্ষেপ করে যায়, তাহলে একজন কোচের পক্ষে খেলোয়াড়দের সঙ্গে মিলে কোনও পরিকল্পনা করা অত্যন্ত কঠিন। আমার পক্ষে কাজ করা কঠিন ছিল। পারফরম্যান্স খারাপ হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। দল যদি খারাপ ফল করে, তখন কোচের অবস্থা হয় গাছের সবচেয়ে নিচু ডালে থাকা ফলের মতো। আলোচনা শুরু হয়ে যায়, 'কোচকে ছেঁটে ফেলা হোক,' 'কোচের উপর বিধিনিষেধ জারি করা হোক।' কারণ, দল যখন ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না, তখন সেটাই সবচেয়ে সহজ কাজ। আমার মনে হয়, এতে ভালো ফল হয় না। যদি এসবই করতে হয়, তাহলে কোচ নিয়োগ করা হয় কেন?’
২০২৪ সালের অক্টোবরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব নেন কার্স্টেন। কিন্তু তাঁর পক্ষে ছয় মাসের বেশি এই দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস ও মানসিকতার উন্নতি করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর পক্ষে সেই কাজ করা সম্ভব হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।