
Jasprit Bumrah: ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) ভারত-নিউজিল্যান্ডের (New Zealand vs India) প্রথম টেস্ট ম্যাচ ড্র হলেও, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) একাধিক ভারতীয় ক্রিকেটারের উন্নতি হয়েছে। বোলারদের তালিকায় তিন ধাপ উঠে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জসপ্রীত বুমরা। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ঋষভ পন্থ (Rishabh Pant), শুবমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal)। এই তিন ব্য়াটারই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। শুক্রবার শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। তার আগে র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার ফলে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেন বুমরা। তার সুবাদেই তিন ধাপ উঠে ইংল্যান্ডের (England) অলি রবিনসনের (Ollie Robinson) সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন এই তারকা পেসার। তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার (Australia) মিচেল স্টার্ক (Mitchell Starc)। বুমরা ও রবিনসনের থেকে ২৫ রেটিং পয়েন্ট এগিয়ে তিনি। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান দিয়ে চার উইকেট নেন বুমরা। তাঁর শিকার হন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham), ড্যারিল মিচেল (Daryl Mitchell), টম ব্লান্ডেল (Tom Blundell) ও ম্যাট হেনরি (Matt Henry)। দ্বিতীয় ইনিংসেও ল্যাথামকে ফিরিয়ে দেন বুমরা। ২০২৬ সালের অগাস্টে শেষবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে ছিলেন বুমরা। ওই মাসেই তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন স্টার্ক। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন বুমরা। এখনও পর্যন্ত মোট ৬৯৭ দিন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হিসেবে কাটিয়েছেন তিনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের হয়ে সবচেয়ে এগিয়ে ঋষভ। এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছেন তিনি। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৫৩ বলে ১২৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ছ'টি ওভার-বাউন্ডারি। ঋষভের পাশাপাশি তিন ধাপ উঠে সপ্তম স্থানে পৌঁছেছেন ভারতের অধিনায়ক শুবমান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৬ বলে ৯৮ রান করেছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ন'টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। জ্যাকব ডাফির বলে আউট হওয়ার আগে শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন গিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিং সবচেয়ে বেশি উন্নতি করেছেন যশস্বী। পাঁচ ধাপ উঠে নবম স্থানে জায়গা করে নিয়েছেন এই বাঁ হাতি ওপেনার। প্রথম ইনিংসে ৮৯ বলে ৮৫ রান করেছিলেন তিনি। মেরেছিলেন ১৬টি বাউন্ডারি। কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে ওপেনিং জুটিতে ১৩০ রান যোগ করে ভারতের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন যশস্বী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।