IND vs ZIM T20 2026: বিধ্বংসী ব্যাটিং। ওয়েলকাম ব্যাক অভিষেক। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই-ভোল্টেজ ম্যাচ (ind vs zim t20 2026)। আর সেই ম্যাচেই রানের খরা কাটিয়ে ফর্মে ফিরলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা। প্রথমে ব্যাট করে ভারতের স্কোর নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলল টিম ইন্ডিয়া (ind vs zim live score)।
চলতি মেগা টুর্নামেন্টের হাই-প্রোফাইল ম্যাচও বলা যেতে পারে এটিকে। সুপার এইটের লড়াইতে বৃহস্পতিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম জিম্বাবোয়ে। যে ম্যাচে জিততেই হবে ভারতকে এবং সেইসঙ্গে চাই শক্তিশালী নেট রান রেট।
এই ম্যাচেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। আর শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে চালাতে শুরু করেন ভারতীয় ওপেনাররা। যেহেতু এই ম্যাচের প্রথম একাদশে সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছেন, তাই অভিষেকের সঙ্গে তিনিই ওপেন করতে নামেন। আর ঈশান কিষাণ চলে যান তিন নম্বরে।
ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন খেলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস। অন্যদিকে, ঈশান কিষাণ করেন ২৪ বলে ৩৮ রান। কিন্তু এই ম্যাচে সবাইকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। কার্যত, বিধ্বংসী ব্যাটিং। জিম্বাবোয়ের বোলাররা এই তরুণ ব্যাটারের সামনে রীতিমতো খেই হারিয়ে ফেলেন। কোথায় বল করবেন, বুঝতেই পারছিলেন না।
অভিষেক সব বলেই চালাতে শুরু করেন। কখনও অফ দিয়ে, কখনও আবার মিড অন, আবার কখনও কভার ড্রাইভ! অভিষেক যেদিন ফর্মে থাকবেন, সেইদিন বিপক্ষ বোলারদের যে বিপদ আছে, তা আবারও প্রমাণিত। ৩০ বলে ৫৫ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। অভিষেকের ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়।
অন্যদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদবও বেশ দাপুটে ব্যাটিং করেন। তিনি খেলেন ১৩ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস। স্ট্রাইক রেট ২৫৩.৮৫। সূর্যর ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছয়। তবে সেখানেই শেষ নয়। শেষদিকে নেমে, স্লগ ওভারে ২২ গজে রীতিমতো ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা। পান্ডিয়া খেলেন ২৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেট ২১৭.৩৯। হার্দিকের ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়।
অপরদিকে, তিলক উপহার দেন ১৬ বলে ৪৪ রানের দাপুটে ইনিংস। স্ট্রাইক রেট ২৭৫.০০। ভার্মার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। অভিষেক-সূর্য-হার্দিক-তিলকের বিধ্বংসী ব্যাটিং-এ ভর করে নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে ভারত।
জিম্বাবোয়ের হয়ে ১টি করে উইকেট নেন রিচার্ড নাগারাভা, ব্লেসিং মুজারাবানি, টিনোতেন্ডা মাপোসা এবং অধিনায়ক সিকান্দার রাজা। জয়ের জন্য জিম্বাবোয়ের টার্গেট ২৫৭ রান।
ভারতঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা
জিম্বাবোয়েঃ তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার-ব্যাটার), ব্রায়ান বেনেট, ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, টিনোতেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।