
India vs Bangladesh White Ball Series: আগামী সপ্তাহে ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও, এই সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছয় ম্যাচের সিরিজের সূচি নিয়ে এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। ফলে ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ভারত-বাংলাদেশ সিরিজ ফের পিছিয়ে যেতে পারে। এই সফরে ভারতীয় দলের তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা। ২০২৫ সালের অগাস্টে এই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে ভারতীয় দলের বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে নির্ধারিত হয়। কিন্তু এখনও পর্যন্ত বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে সূচি নিশ্চিত করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি তামিম ইকবাল (Tamim Iqbal) জানিয়েছেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তাঁর কথা অনুযায়ী, সিরিজের তারিখে অদল-বদল হতে পারে।
ভারত-বাংলাদেশ সিরিজের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট ট্রফির (Game Development Trophy) সূচি প্রকাশ করেছে। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এই প্রতিযোগিতা ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। ফলে প্রস্তাবিত ভারত সফরের সঙ্গে সূচির সংঘাত তৈরি হয়েছে। তবে তামিম জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত হলে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা হবে। অর্থাৎ ভারত-বাংলাদেশ সিরিজের জন্য ঘরোয়া ক্রিকেটের সূচি বদলাতে তৈরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে বেশ কিছু টানাপোড়েন দেখা গিয়েছে। আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়া এবং পরে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) খেলতে বাংলাদেশ দলের ভারতে না আসা নিয়ে দুই বোর্ডের সম্পর্কের অবনতি হয়। তামিম বিসিবি সভাপতি হওয়ার পর অবশ্য সম্পর্ক স্বাভাবিক করার কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ৩ সেপ্টেম্বর আদৌ ভারত-বাংলাদেশ সিরিজ শুরু হবে কি না। বিসিসিআই-এর আনুষ্ঠানিক নিশ্চয়তা না আসায় বাংলাদেশকে তাদের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারও নমনীয় রাখতে হচ্ছে। অর্থাৎ, ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ এখনও আলোচনার টেবলেই এবং নির্ধারিত সময়ের মাত্র এক সপ্তাহ আগে ফের সূচি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।