India Tour of Bangladesh, 2026: ভারত ও বাংলাদেশের কূটনৈতিক ও ক্রিকেট সম্পর্ক কি স্বাভাবিক হবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আশা প্রকাশ করা হলেও, বিসিসিআই (BCCI) ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। ফলে ভারতীয় দল বাংলাদেশে যাবে কি না, তা স্পষ্ট নয়।
KNOW
Indian Cricket Team: ভারতের সিনিয়র ক্রিকেট দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে চলেছে বিসিসিআই (BCCI)। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে গত এক বছরে তৈরি হওয়া টানাপোড়েনের আবহে প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশিকা চাইবে বোর্ড। এই মুহূর্তে একতরফাভাবে সফর নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে বিসিসিআই। এ প্রসঙ্গে বিসিসিআই-এক এক শীর্ষকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সফরের বিষয়ে দ্রুত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁর কথায়, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বাংলাদেশ সফর নিয়ে সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইব। এই মুহূর্তে আমরা নিজেদের মতো করে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) ইতিমধ্যেই বিসিসিআই-কে চিঠি দিয়েছে বলেও নিশ্চিত করেছেন শীর্ষকর্তা। দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। বিসিসিআই শীর্ষকর্তা জানিয়েছেন, 'বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। খুব তাড়াতাড়ি বিষয়টি আরও পরিষ্কার হবে।'
চলতি মাসেই বাংলাদেশে যেতে পারে ভারতীয় দল
প্রস্তাবিত সাদা বলের সিরিজের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা রেখেছে বিসিবি। সূচি অনুযায়ী তিনটি ওডিআই এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা। তিনটি ওডিআই হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে তিনটি টি-২০ ম্যাচ। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছনোর কথা। তবে সফরটি সম্পূর্ণভাবে নির্ভর করছে ভারত সরকারের অনুমতি ও নির্দেশিকার উপর।
ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন
ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে চলতি বছরের শুরু থেকেই যে টানাপোড়েন তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে এই অনিশ্চয়তা। চলতি বছরের জানুয়ারিতে পরিস্থিতি জটিল হয়। কারণ, আইপিএল-এর (IPL 2026) দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নির্দেশ দেয় বিসিসিআই। এই ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। কয়েকদিনের মধ্যেই নিরাপত্তাজনিত কারণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শের কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Men's T20 World Cup 2026) খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একইসঙ্গে বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আইসিসি-র কাছে আবেদনও জানায় তারা। এই ঘটনার পর ভারতীয় দল বাংলাদেশ সফরে গেলে সম্পর্কের উন্নতি হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


