India Tour of Bangladesh, 2026: গত কয়েক বছরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এই কারণে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গিয়েছে। তবে এবার এই সফর হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এই সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।
KNOW
India vs Bangladesh: নতুন করে কোনও সমস্যা তৈরি না হলে এ বছরের সেপ্টেম্বের বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। এই সফরে দুই দল তিনটি করে ওডিআই ও টি-২০ ম্যাচ খেলবে। মঙ্গলবার বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (Aminul Haque) জানিয়েছেন, সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজটি আয়োজনের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করতে চান তাঁরা। মিরপুরের সুইমিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের একটি মর্যাদার জায়গা। ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান আছে, সেক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ভারতের দূতাবাসে কথা বলেছি। তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। তারা সবাই অপেক্ষা করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে।'
ভারত-বাংলাদেশের ক্রিকেট-তিক্ততা দূর হবে?
গত আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়া নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়। এই ঘটনার জেরে এ বছরের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতে দল পাঠায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে এবার ভারতীয় দল বাংলাদেশ সফরে যাবে বলে আশা করছে বাংলাদেশের ক্রীড়ামহল। এ প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বিগত সময়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে একটা টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গেই আমাদের যে ক্রীড়া কূটনীতি, আমাদের যে যোগাযোগ, চলাচল, সবকিছুই খুব স্বাভাবিকভাবে চলমান থাকবে।’
দল পাঠাবে বিসিসিআই?
বাংলাদেশে সিনিয়র পুরুষ ক্রিকেট দলকে পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি বিসিসিআই (BCCI)। তবে বাংলাদেশের আশা, এই সফর হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


