
2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে চার ম্যাচেই জয় পেল ভারতীয় দল। চার ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে থেকেই সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করল ভারত। বুধবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) ১৭ রানে জয় পেল ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯৩ রান করে ভারত। জবাবে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান করে নেদারল্যান্ডস। এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার ছিল। ভারতীয় দল এই ম্যাচে খুব বেশি পরিশ্রম করেনি। তবে ডাচরা লড়াই করে। ফলে জমে ওঠে ম্যাচ।
চলতি টি-২০ বিশ্বকাপে তৃতীয়বার শূন্য রানে আউট হয়ে গেলেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে তাতেও ভারতীয় দলের কোনও সমস্যা হল না। ডাচদের বিরুদ্ধে সেরা ব্যাটিং করলেন শিবম দুবে (Shivam Dube)। এই অলরাউন্ডার ৩১ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২১ বলে ৩০ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৩৪ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) ৩১ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ডাচদের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন ব্যাস ডে লিডে (Bas de Leede)। নোয়া ক্রোস (Noah Croes) ১২ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ওপেনার মাইকেল লেভিট (Michael Levitt) ২৪ রান করেন। অপর ওপেনার ম্যাক্স ও'ডোড (Max O'Dowd) ২০ রান করেন। কলিন অ্যাকারম্যান (Colin Ackermann) ২৩ রান করেন।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পান শিবম। তিনি ৩৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ১৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ১৭ রান দিয়ে এক উইকেট নেন। হার্দিক ৪০ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।