
2026 ICC Men's T20 World Cup: নামিবিয়াকে (Pakistan vs Namibia) হারিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটের যোগ্যতা অর্জন করার পর এবার চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছে পাকিস্তান! এমনই দাবি করলেন শাদাব খান (Shadab Khan)। তিনি বলেছেন, ভারতের কাছে (India vs Pakistan) হার নিয়ে না ভেবে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা উচিত। বুধবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর শাদাব বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এসব ঘটনা নিয়ে বেশি ভাবা উচিত নয়। দলের পরিবেশ ও বার্তা অত্যন্ত স্পষ্ট। ফলে কোনও খেলোয়াড়েরই সমস্যা হচ্ছে না। সবাই দলকে জয় এনে দেওয়ার জন্য চেষ্টা করছে।’ সুপার এইট পর্যায়ে গ্রুপ টু-তে নিউজিল্যান্ড (New Zealand), ইংল্যান্ড (England) ও শ্রীলঙ্কার (Sri Lanka) সঙ্গে আছে পাকিস্তান। এই গ্রুপ থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন হওয়ার কথাই ভাবছেন শাদাব।
শাদাব ভারতের কাছে হারের কথা না ভাবার কথা বললেও, তাঁদের দলে এই ম্যাচের প্রভাব স্পষ্ট। নামিবিয়ার বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) বাদ দেওয়া হয়। বাবর আজমকে (Babar Azam) ব্যাটিং করতে পাঠানো হয়নি। ভারতের বিরুদ্ধে এই দুই খেলোয়াড়ই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এ প্রসঙ্গে শাদাব বলেছেন, ‘আপনাদের কি সত্যিই মনে হয় পাকিস্তান দল খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করে? আমার সে কথা মনে হয় না। আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট। আপনারা বাবরকে ব্যাটিং করতে না পাঠানোর কথা বলছেন। ও দলে নিজের ভূমিকার বিষয়ে জানে।’
শাদাব আরও বলেছেন, 'সব খেলোয়াড়ের জন্যই বার্তা অত্যন্ত স্পষ্ট। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী দলে বদল আনা হয়। ঠিক সেটাই হচ্ছে।' তাঁর আরও দাবি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নামিবিয়ার মতো দুর্বল দলের বিরুদ্ধেও কেন বাবরকে বসিয়ে রেখে অন্যদের ব্যাটিং করতে পাঠানোর দরকার হল, সেই প্রশ্নের জবাব দেননি শাদাব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।