
2026 ICC Men's T20 World Cup Final: আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) দর্শকদের চুপ করাতে চেয়েছিলেন। কিন্তু টি-২০ বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিজেই চুপ করে গেলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) প্রথমে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৫৫ রান করল ভারতীয় দল। সারা টুর্নামেন্টে বড় রান করতে না পারলেও, ফাইনালে অসাধারণ ব্যাটিং করলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিলেন এই ওপেনার। তিনি ২১ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। শুরু থেকেই কিউয়ি বোলারদের কোণঠাসা করে দিলেন অভিষেক। তিনি আউট হয়ে যাওয়ার পর ইনিংস এগিয়ে নিয়ে গেলেন অপর ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামা ঈশান কিষান (Ishan Kishan)।
চলতি টি-২০ বিশ্বকাপে পরপর তিন ম্যাচে নিশ্চিত শতরান হারালেন সঞ্জু। রবিবার তিনি ৪৬ বলে ৮৯ রান করে আউট হয়ে গেলেন। এই উইকেটকিপার-ব্যাটার পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। ঈশান ফের অসাধারণ ব্যাটিং করলেন। তিনি ২৫ বলে ৫৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৩ বলে ১৮ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) প্রথম বলেই আউট হয়ে যান। তিলক ভার্মা (Tilak Varma) ছয় বল খেলে আট রান করে অপরাজিত থাকেন। শিবম দুবে (Shivam Dube) আট বল খেলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিনি জোড়া ওভার-বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি মারেন। ইনিংসের শেষদিকে পরপর উইকেট পড়ে যাওয়ার রানের গতি কমে যায়। না হলে ভারতীয় দল আরও রান করবে বলে মনে হচ্ছিল।
নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নিলেন জেমস নিশম (James Neesham)। তিনি প্রথম দুই ওভারে ভালো বোলিং করেন। কিন্তু তারপর শিবমের দাপটে চার ওভারে ৪৬ রান দিলেন। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) দুই ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন। ম্যাট হেনরি (Matt Henry) চার ওভারে ৪৯ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।