
2026 ICC Men's T20 World Cup Final: রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলে ওপেনার হিসেবে অভিষেক শর্মাকে (Abhishek Sharma) দেখতে চাইছেন না কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি অভিষেককে বাদ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আর্জি জানিয়েছেন। গাভাসকর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। অভিষেক শর্মা আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটার। কিন্তু ও আউট হওয়া থেকে শিক্ষা নেয়নি। ও একইভাবে আউট হয়ে চলেছে। ওর হাত ঠিকমতো চলছে না। বোলাররা ওই জায়গাতেই ওকে নিশানা করছে এবং ভুল করতে বাধ্য করছে। আমার উদ্বেগের বিষয় হল, হয় ও নিজের ব্যাটিংয়ে প্রয়োজনীয় বদল আনেনি, না হলে নিজের ব্যাটিংয়ের ধরনে বদল আনতে পারছে না।’
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) প্রতি গাভাসকরের বার্তা, সঞ্জু স্যামসনের (Sanju Samson) সঙ্গে ঈশান কিষানকে (Ishan Kishan) ব্যাটিং ওপেন করতে পাঠানো হোক। একইসঙ্গে রিঙুক্ সিংকে (Rinku Singh) দলে ফেরানোর বার্তাও দিয়েছেন গাভাসকর। তিনি বলেছেন, ‘আমি চাই সঞ্জু স্যামসনের সঙ্গে ঈশান কিষানকে ওপেন করতে পাঠানো হোক। একইসঙ্গে রিঙ্কু সিংকে দলে ফেরানো হোক। রিঙ্কুর মধ্যে সেই বিশ্বাস আছে। আপনারা হয়তো ওর শরীরে ঈশ্বরের পরিকল্পনা লেখা ট্যাটু দেখেছেন। কখনও এরকম খেলোয়াড়ের ক্ষেত্রে পরিকল্পনা কার্যকর হয়ে যায়।’
ভারতীয় দলের ব্যাটিং বিভাগের পাশাপাশি বোলিং বিভাগেও বদল চাইছেন গাভাসকর। তাঁর মতে, বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) পরিবর্তে অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলার সুযোগ দেওয়া হোক। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) চার ওভার বোলিং করে ৬৪ রান দেন বরুণ। তিনি সুপার এইট পর্যায়েও তিন ম্যাচেই অনেক রান দিয়েছেন। এই কারণেই ফাইনালে কুলদীপকে দলে চাইছেন গাভাসকর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।