
2026 ICC Men's T20 World Cup Final: টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হলেও, তাতে বিন্দুমাত্র অখুশি নন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি বলেছেন, ‘প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে আমি খুশি। কারণ, আমরা খুব ভালো ব্যাটিং করছি। সেমি-ফাইনাল বা ফাইনালে প্রথমে রান তুলে নেওয়া সবসময় ভালো। গত বিশ্বকাপ এখন ইতিহাস। এখন নতুন বিশ্বকাপ। আমরা এই বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজিত। গ্যালারি দেখে মনে হচ্ছে পূর্ণ হয়ে গিয়েছে। সবে টসের সময় হয়েছে। তাতেই গ্যালারির সব আসন ভরে গিয়েছে। আশা করি আমরা দর্শকদের আনন্দ দিতে পারব।’ সূর্যকুমার আরও জানিয়েছেন, এই ম্যাচে ভারতীয় দলে বদল হয়নি।
টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। আমরা পরিবেশ-পরিস্থিতি ও উইকেট থেকে সাহায্য পাই কি না দেখা যাক। ভারতীয় দলকে এমন রানের মধ্যে আটকে রাখার চেষ্টা করব যাতে রান তাড়া করে জয় পাওয়া সম্ভব হয়। দলের সবাই ভালো। আমরা বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই খেলছি। দারুণ পরিবেশে খেলা হচ্ছে। সেমি-ফাইনালে আমরা দুর্দান্ত জয় পেয়েছি। তার ফলে দলের সবাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এখন আমরা সবচেয়ে বড় মঞ্চে। দলের সবাই এই ম্যাচের জন্য তৈরি।’
২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে নক-আউট পর্যায়ে ১৪ ম্যাচের মধ্যে ১১ ম্যাচেই যে দল পরে ব্যাটিং করেছে তারা জয় পেয়েছে। তবে যে তিনবার প্রথমে ব্যাটিং করা দল পেয়েছে, সেই তিনবারই বিজয়ী দলের নাম ভারত। গতবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালেও প্রথমে ব্যাটিং করতে নেমে জয় পেয়েছিল ভারত। এই কারণেই এবারও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার। তিনি স্কোরবোর্ডে বড় রান চাইছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।