
India beat Pakistan: 'আবার সে এসেছে ফিরিয়া।' না, সুকুমার রায়ের 'পাগলা দাশু' নয়, ভারতের কাছে হারের পর পাকিস্তানে টেলিভিশন সেট ভাঙার দৃশ্য ফিরে এসেছে। রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) পাকিস্তানকে (India vs Pakistan) ৬১ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই ভারতের দাপট ছিল। পাকিস্তানের খেলা দেখে কোনও সময়েই মনে হয়নি তারা এই ম্যাচে জয় পেতে পারে। ভারতীয় দল নিরঙ্কুশ দাপট দেখিয়ে জয় পেল। ভারতের এই জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানে টেলিভিশন সেট ভাঙা হয়েছে। পাকিস্তানে এই দৃশ্য নতুন কিছু নয়। বিশ্বকাপে ভারতের কাছে হারলেই টিভি ভাঙা হয়। এবারও ঠিক সেটাই হল।
ভারতীয় দলের বিরুদ্ধে এই ম্যাচে পাকিস্তানের বেশিরভাগ ক্রিকেটারেরই পারফরম্যান্স ছিল অত্যন্ত সাধারণ। ভারতীয়দের মতোই পাকিস্তানেরও অনেকে বাবর আজমদের (Babar Azam) ব্যঙ্গ করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে একজন পাকিস্তানিকে বলতে শোনা গিয়েছে, 'ভারত ফের পাকিস্তানকে হারিয়ে দিল। আমি হতাশায় টিভি সেট ভেঙে ফেলেছি। আমি ভেঙে পড়েছি। আমি লজ্জিত। এই হারে আমি স্তম্ভিত। আমি কথা বলতে পারছি না।' বাড়ির টিভি ভাঙার এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ব্যঙ্গ করছেন।
কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) যে পাকিস্তানিরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন, তাঁরাও ফের ভারতের কাছে হারে হতাশ। মকবুল নামে এক পাকিস্তানি বলেছেন, ‘ভারতের কাছে পাকিস্তানের হার এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমার একটু আশা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং অন্তত একটু লড়াই করব। কিন্তু এখন ভারতের জয় রুটিন হয়ে গিয়েছে। আমাদের কাছে বুমরার জবাব নেই। আমরা হার্দিকের মোকাবিলা করতে পারি না। এখন এই অবস্থা হয়ে গিয়েছে। ভারতীয় দল ভালো খেলেছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।