India U19 vs Pakistan U19: শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুব দল। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে জয় এসেছে। দলের এই সাফল্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি (Lakshya Raichandani)। তিনি এই টুর্নামেন্টে ভালো ব্যাটিং করেছেন।

ACC Men's U19 Asia Cup 2026: পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এক উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। একসময় ২৫৮ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষ পর্যন্ত জয়ের বিশ্বাস হারাননি ক্রিকেটাররা। ড্রেসিংরুমে প্রত্যেকেই একে অপরের উপর আস্থা রেখেছিলেন। ম্যাচের পর এমনটাই জানালেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি।

রবিবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্য বলেন, শুরু থেকেই তাঁদের পরিকল্পনা ছিল ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। উইকেট ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হওয়ায় রান তাড়া করা সম্ভব বলেই বিশ্বাস ছিল তাঁদের।

লক্ষ্য বলেন, “আমাদের পরিকল্পনা খুব সহজ ছিল। ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। উইকেট ভালো ছিল, তাই রান তাড়া করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস ছিল। ড্রেসিংরুমের পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমাদের নিজেদের উপর বিশ্বাস ছিল। আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম।”

ভারত যখন ২৫৮ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত হার নিশ্চিতের মুখে, তখনও কীভাবে জয়ের আশা ধরে রেখেছিলেন ক্রিকেটাররা? এই প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, “ড্রেসিংরুমের প্রত্যেকের একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমাদের দলে কার্যত ১১ জন ব্যাটার ছিল। তাই আমরা কখনও জয়ের আশা ছাড়িনি। শেষ পর্যন্ত ইতিবাচক ছিলাম। সৌভাগ্যবশত আমরা ম্যাচটা জিততে পেরেছি।”

পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস নিয়েও মুখ খুলেছেন লক্ষ্য। তাঁদের উদযাপন নিয়ে প্রশ্ন উঠলে অধিনায়ক জানান, সেই আবেগ একেবারেই স্বাভাবিক। তাঁর কথায়, “আমাদের উদযাপন সম্পূর্ণ যুক্তিসঙ্গত ছিল। এই ধরনের ম্যাচ জিতলে অনেক আবেগ প্রকাশ পায়। এটা ফাইনাল ছিল। ম্যাচ জেতার জন্য আমরা কতটা পরিশ্রম করেছি, সেটা সবাই জানে। তাই জয়ের পর সেই আবেগই বেরিয়ে এসেছে।”

ম্যাচের দিকে তাকালে, প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ রান তুলেছিল পাকিস্তান। উসমান খান ১১১ বলে ১০৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা। এ ছাড়া আবদুল কাদির ৫৪ বলে ৮০ এবং ফারহান ইউসুফ ৬০ বলে ৬৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ১০১ বলে ৮০ এবং সেহবাগ ৬১ বলে ৫৮ রান করে প্রথম উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। কিন্তু তাঁদের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একসময় স্কোর দাঁড়ায় ২৫২ রানে ৮ উইকেট।

সেই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন মানল চৌহান ও মোহিত উলভা। দু'জনে মিলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ৩২ বলে ৪৭ রান করে আউট হন মানল। এরপর শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মোহিত। মাত্র ২৬ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন চিগুরুপতি ভেঙ্কটা, যিনি ১১ রানে অপরাজিত থাকেন।

এভাবেই প্রবল চাপের মুখেও বিশ্বাস ও লড়াইয়ের জোরে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে ভারত।