Pakistan vs Namibia: অষ্টম দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান। বুধবার গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ নামিবিয়ার বিরুদ্ধে জয় পেল সলমন আগার (Salman Agha) দল।

DID YOU
KNOW
?
৩ ম্যাচে জয় পাকিস্তানের
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারতের কাছে হারলেও, বাকি ৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।

2026 ICC Men's T20 World Cup: ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার পর দুর্বল প্রতিপক্ষ নামিবিয়াকে (Pakistan vs Namibia) ১০২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন করল পাকিস্তান। সুপার এইটে সাত দল আগেই ঠিক হয়ে গিয়েছিল। বুধবার অষ্টম দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান। সুপার এইট গ্রুপ টু-তে পাকিস্তান ছাড়াও আছে শ্রীলঙ্কা (Sri Lanka), নিউজিল্যান্ড (New Zealand) ও ইংল্যান্ড (England)। এই গ্রুপ থেকে পাকিস্তানের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন। কারণ, শ্রীলঙ্কা দল ভালো ফর্মে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বেশ শক্তিশালী দল। ফলে সুপার এইট থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান। কয়েকদিনের মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।

সাহিবজাদা ফারহানের শতরান

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যর্থ হলেও, বুধবার নামিবিয়ার বিরুদ্ধে শতরান করলেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। পাকিস্তানের ওপেনার ৫৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার সায়েম আয়ূব (Saim Ayub) অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ১২ বলে ১৪ রান করেই আউট হয়ে যান। আগা ২৩ বল খেলে ৩৮ রান করেন। শাদাব খান (Shadab Khan) ২২ বল খেলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। তিন উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে নামিবিয়া ১৭.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায়। বিতর্কিত বোলিং অ্যাকশনের স্পিনার উসমান তারিক (Usman Tariq) ৩.৩ ওভার বোলিং করে এক মেডেন-সহ ১৬ রান দিয়ে চার উইকেট নেন। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পান শাদাব। তিনি চার ওভার বোলিং করে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন।

শনিবার পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

শনিবার সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand vs Pakistan) মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তাদের জন্য এই ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।