
India vs West Indies Second ODI: ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয়বার দ্বিশতরান করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলকে জয় এনে দিলেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। বুধবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯ বল বাকি থাকতেই আট উইকেটে জয় পেল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই বিশাল টার্গেট তাড়া করে জয় পেল ভারতীয় দল। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারতীয় দল। বুধবার দুই ওপেনার শুবমান ও রোহিত শর্মার (Rohit Sharma) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে জয় পেল ভারত। রোহিত ৭৫ বলে ১০১ রান করেন। তিনি ১০টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট কোহলি (Virat Kohli) ১৯ বলে ২৯ রান করেন। শুবমান ১৩৩ বলে ২২৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২৬টি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ৩৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় দল ৪৩.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৪০৬ রান তুলে জয় পায়।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুবমান। দলের বোলাররা তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে সাত উইকেট হারিয়ে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তিন ক্যারিবিয়ান ব্যাটার শতরান করেন। ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell) ৬৮ বলে ১০১ রান করেন। অধিনায়ক শাই হোপ (Shai Hope) ৯৪ বলে ১০৪ রান করেন। আমির জঙ্গু (Amir Jangoo) ৭৭ বলে ১১৪ রান করেন। রস্টন চেজ (Roston Chase) ২৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের বোলারদের মধ্যে গুরনুর ব্রার (Gurnoor Brar) ১০ ওভারে ৯৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১০ ওভারে ৭৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ১০ ওভারে ৬৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) পাঁচ ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেট নেন। তবে ভারতীয় দলের বোলাররা যথেচ্ছ রান দিলেও, ব্যাটারদের দাপটে জয় এল।
ওডিআই ফর্ম্যাটে তিনবার দ্বিশতরান করেছেন রোহিত। এবার দ্বিতীয় ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয়বার দ্বিশতরান করার নজির গড়লেন শুবমান। অন্য কোনও ব্যাটারের এই নজির নেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।