
Pakistan Cricket: ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর পাকিস্তান ক্রিকেটে বড়সড় বদল হতে চলেছে। নতুন পথে হাঁটার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই বদলের অংশ হিসেবেই প্রাক্তন পেসার শোয়েব আখতারকে (Shoaib Akhtar) বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। পিসিবি-ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইসলামাবাদে (Islamabad) বসবাসকারী শোয়েব গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
কয়েক সপ্তাহ আগে শোয়েবের বড় ভাইয়ের মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন নকভি। সেই সময় নকভির সহযোগিতা শোয়েবকে প্রভাবিত করে। অতীতে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে পিসিবি এবং পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করলেও নকভির সঙ্গে তাঁর সম্পর্ক বর্তমানে বেশ ভালো। শোয়েবকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং দলের প্রশিক্ষণ শিবির পরিদর্শনের আমন্ত্রণও জানিয়েছেন নকভি। পিসিবি-তে শোয়েবকে বড় কোনও দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে শোয়েব নিজের কিছু পরিকল্পনা ও শর্তও জানিয়েছেন। তাঁর বিশ্বাস, সেই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শুধু শোয়েবই নন, জাতীয় দলের কোচিং স্টাফেও পরিবর্তনের কথা ভাবছে পিসিবি। সিনিয়র দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট (Shane McDermott) এবং ব্যাটিং কোচ অ্যাশলে নফকে (Ashley Noffke) আচমকা দায়িত্ব ছাড়ার পর বিদেশি কোচ ও পরামর্শদাতা নিয়োগের বিষয়েও ভাবনাচিন্তা চলছে। পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের জন্যও দীর্ঘমেয়াদি স্থায়ী প্রধান কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে পিসিবি-র। সাম্প্রতিক সময়ে মহিলা দলও ব্যর্থ হয়েছে।
পিসিবি সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতের জন্য বেশ কিছু পরিকল্পনা তৈরি করা হচ্ছে। জাতীয় পুরুষ দল, মহিলা দল, শাহিনস এবং জুনিয়র দল, সবকটির কাছ থেকেই ভালো ফল চান নকভি। সেই লক্ষ্যেই খুব তাড়াতাড়ি পাকিস্তান ক্রিকেটের ‘থিঙ্ক ট্যাঙ্ক’-এ একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। ইংল্যান্ড সফরের ব্যর্থতা সেই পরিবর্তনের অন্যতম বড় কারণ। ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ক্লিন সুইপের মুখে পড়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ০-৩ ব্যবধানে হারের পরই দলের কোচিং এবং ক্রিকেট পরিচালনায় পরিবর্তনের জল্পনা আরও জোরালো হয়েছে। এখন দেখার, শোয়েব সত্যিই পিসিবি-তে গুরুত্বপূর্ণ কোনও পদে যোগ দেন কি না এবং তাঁর প্রস্তাবিত পরিকল্পনা পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামোয় কতটা প্রভাব ফেলে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।