
IPL 2026 News: চলতি আইপিএল-এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা যে হোটেলগুলিতে থাকছেন, সেখানে তাঁদের ঘরে কারা যাচ্ছেন? আইপিএল-এর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই এমন মহিলারা কি ক্রিকেটারদের ঘরে যাচ্ছেন? এ বিষয়ে সব ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করে দিল বিসিসিআই (BCCI)। শুধু মহিলারাই নন, অবাঞ্চিত পুরুষরাও ক্রিকেটারদের হোটেলে পৌঁছে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এই কারণেই অসন্তুষ্ট বিসিসিআই। হোটেলে ক্রিকেটারদের ঘরে অবাঞ্চিত ব্যক্তিরা পৌঁছে যাওয়ায় যেমন হানি-ট্র্যাপের আশঙ্কা রয়েছে, তেমনই বুকিদের সক্রিয়তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০১৩ সালের আইপিএল-এ ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। ১৩ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না বিসিসিআই। তাছাড়া যে কেউ ক্রিকেটারদের হোটেলে বিনা বাধায় প্রবেশ করতে পারলে নিরাপত্তা নিয়েও আশঙ্কা থেকে যায়। এই কারণেই সব ফ্র্যাঞ্চাইজিকে সতর্কবার্তা দিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলেছেন, ‘চলতি আইপিএল চলাকালীন নির্দিষ্ট কিছু ঘটনা দেখা গিয়েছে। এই কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে সতর্ক করে দেওয়া হল। আইপিএল-এর সঙ্গে যুক্ত সবার কাছ থেকে পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা এবং প্রোটোকল মেনে চলার আশা করা হচ্ছে।’
চলতি আইপিএল-এর এক ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যানেজার রোমি ভিন্দেরকে (Romi Bhinder)। সেই সময় তাঁর পাশে ছিলেন কিশোর তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে (Riyan Parag) ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে ই-সিগারেট ধূমপান করতে দেখা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করে বিসিসিআই। পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) আবার বিমানে বসে ই-সিগারেট ধূমপান করতে দেখা গিয়েছে। এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।