Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru: ক্রিকেটে পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কোনও ম্যাচের ফল আগাম বলা যায় না। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে তো কোনও হিসেবই খাটে না। নির্দিষ্ট সময়ে যে দল ভালো পারফরম্যান্স দেখায় তারা জয় পায়। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ফের সেটা দেখা গেল।

DID YOU
KNOW
?
চতুর্থ হার আরসিবি-র
বৃহস্পতিবার চলতি আইপিএল-এ চতুর্থ ম্যাচে হেরে গেল আরসিবি।

IPL 2026: তিন ওভারে ৪১ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। এই অবস্থায় সাধারণত শেষ ওভারে সংশ্লিষ্ট বোলারের উপর ভরসা রাখতে পারেন না অধিনায়ক। কিন্তু বৃহস্পতিবার রাতে আইপিএল-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে দিগ্বেশ সিং রাঠির (Digvesh Singh Rathi) উপর ভরসা রাখলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। দিগ্বেশের পাশাপাশি শেষ ওভারে বল করতে আগ্রহী ছিলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। কিন্তু মিচেল মার্শের সঙ্গে (Mitchell Marsh) সঙ্গে আলোচনা করে দিগ্বেশের হাতে বল তুলে দেন। জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার ছিল আরসিবি-র। হল ১০ রান। ফলে নয় রানে জয় পেল লখনউ। প্রথম তিন ওভারে ভালো বোলিং করতে না পারলেও, শেষ ওভারে নায়ক হয়ে গেলেন দিগ্বেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় লখনউয়ের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। বৃষ্টির জন্য লখনউয়ের ইনিংসে একাধিকবার বিঘ্ন ঘটে। ইনিংস শেষ হতে তিন ঘণ্টা লাগে। দুই দলের ইনিংসেই ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৯। লখনউ তিন উইকেট হারিয়ে ২০৯ রান করে। ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করেন মার্শ। তিনি ৫৬ বলে নয়টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারির সাহায্যে ১১১ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরাণ (Nicholas Pooran) ২৩ বলে ৩৮ রান করেন। ঋষভ ১০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তিনি চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ডাকওয়ার্থ-লুইস নিয়মে (DLS Method) আরসিবি-র টার্গেট হয় ২১৩। নয় রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বসে আরসিবি। ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) দুই বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। অপর ওপেনার জ্যাকব বেথেল (Jacob Bethell) চার রান করে আউট হয়ে যান। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে লড়াই করেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ও পতিদার। দেবদত্ত ২৫ বলে ৩৪ রান করেন। পতিদার ৩১ বলে ৬১ রান করেন। টিম ডেভিড (Tim David) ১৭ বলে ৪০ রান করেন। ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ছয় উইকেটে ২০৩ রান করেই থেমে যায় আরসিবি। লখনউয়ের হয়ে প্রিন্স যাদব (Prince Yadav) ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন। শাহবাজ ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন।

শীর্ষে ওঠার সুযোগ হারাল আরসিবি

এদিন জয় পেলে চলতি আইপিএল-এ লিগ টেবলের শীর্ষে পৌঁছে যেতে পারত আরসিবি। কিন্তু হেরে যাওয়ায় ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ১০ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল লখনউ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।