
নতুন নজির গড়ার সামনে বিরাট কোহলি
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন। এবার প্রথম ব্যাটার হিসেবে এই লিগে ৯,০০০ রান করার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিংবদন্তি বিরাট কোহলি। তিনি এবারের আইপিএল-এ ৩৩৯ রান করলেই আইপিএল-এ ৯,০০০ রান পূর্ণ করবেন। বিরাট সহজেই এই রান করে ফেলবেন বলে আশায় অনুরাগীরা।
৩০০ ছক্কার পথে বিরাট কোহলি
এবারের আইপিএল-এ ৯টি ওভার-বাউন্ডারি মারতে পারলেই এই লিগের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ ওভার-বাউন্ডারি মারার নজির গড়বেন বিরাট কোহলি। আইপিএল-এ ৩৫৭টি ওভার-বাউন্ডারি মেরে সবার আগে ক্রিস গেইল। রোহিত শর্মা ৩০২টি ওভার-বাউন্ডারি মেরে দ্বিতীয় স্থানে। এবার তাঁদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিতে পারেন বিরাট।
৫,০০০ রানের পথে সঞ্জু স্যামসন
এবারের আইপিএল-এ ২৯৬ রান করলেই ৫,০০০ রান পূরণ করবেন সঞ্জু স্যামসন। এই তারকা উইকেটকিপার-ব্যাটার এবার দল বদলে রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। তিনি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দলে খেলবেন। নতুন দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোই সঞ্জুর লক্ষ্য।
৪,০০০ রানের পথে সূর্যকুমার
এবারের আইপিএল-এ ২৯৩ রান করলেই মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪,০০০ রান পূরণ করবেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত একমাত্র রোহিত শর্মাই এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪,০০০-এর বেশি রান করেছেন। অধিনায়ক হিসেবে ৫ বার আইপিএল জেতা রোহিত মুম্বই ইন্ডিয়ানসের হয়ে এখনও পর্যন্ত ৫,৮৭৬ রান করেছেন।
২০০ উইকেটের সামনে ভুবনেশ্বর কুমার
আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার এবং দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার পথে ভুবনেশ্বর কুমার। এই পেসার এবারের আইপিএল-এ ২ উইকেট নিলেই ২০০ উইকেটের নজির স্পর্শ করবেন। আইপিএল-এ প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েন যুজবেন্দ্র চাহাল।
নতুন নজিরের সামনে সুনীল নারিন
এবারের আইপিএল-এ ৮ উইকেট নিলেই ২০০ উইকেট পূরণ করবেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। কেকেআর-এর হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন এই তারকা। তিনবার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
১০০ উইকেটের সামনে আর্শদীপ
এবারের আইপিএল-এ ৩ উইকেট নিলেই এই লিগের ইতিহাসে পঞ্চম বাঁ হাতি পেসার হিসেবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন আর্শদীপ সিং। তাঁর আগে ট্রেন্ট বোল্ট (১৪৩), জয়দেব উনাদকাট (১১০), আশিস নেহরা (১০৬) ও জাহির খান (১০২) ১০০-এর বেশি উইকেট নিয়েছেন। এবার এই নজির গড়তে চলেছেন আর্শদীপ।
ধোনির নতুন নজির
চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির এখন বয়স ৪৪ বছর ২৬৪ দিন। তিনি আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হতে চলেছেন। ব্র্যাড হগ ৪৫ বছর ৯২ দিন বয়সে আইপিএল-এ খেলে বয়স্কতম ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন। আরও এক মরসুম খেললে সেই নজির ভেঙে দেবেন ধোনি।
৪,০০০ রান পূরণ করার পথে শুবমান গিল
এবারের আইপিএল-এ ১৩৪ রান করলেই ৪,০০০ রান পূরণ করবেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। তিনি সম্প্রতি ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগও পাননি শুবমান। এবার ঘুরে দাঁড়ানোই তাঁর লক্ষ্য।
নতুন নজিরের সামনে বাটলার
এবারের আইপিএল-এ ৭টি ওভার-বাউন্ডারি মারতে পারলেই টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে ৬০০ ওভার-বাউন্ডারি মারার নজির গড়বেন জস বাটলার। এখনও পর্যন্ত শুধু ক্রিস গেইল (১০৫৬), কাইরন পোলার্ড (৯৮২), আন্দ্রে রাসেল (৭৮৪) ও নিকোলাস পুরাণ টি-২০ ফর্ম্যাটে ৬০০-এর বেশি ওভার-বাউন্ডারি মেরেছেন।