The Hundred 2026 Auction: সম্প্রতি ইংল্যান্ডের (England) ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডের নতুন মরসুমের নিলামের পর থেকে যে বিতর্ক তৈরি হয়েছে, তা কিছুতেই থামছে না। ভারতীয় মালিকানাধীন দলে এক পাকিস্তানি (Pakistani) ক্রিকেটারকে নেওয়া নিয়ে বিতর্ক চলছে। এবার এই বিতর্কে যোগ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
KNOW
Abrar Ahmed Controversy: দ্য হান্ড্রেডের নিলামে (The Hundred 2026 Auction) সানরাইজার্স লিডস (SunRisers Leeds) দলে পাকিস্তানের (Pakistan) স্পিনার আবরার আহমেদকে নেওয়ার তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, পাকিস্তানিদের টাকা দেওয়ার অর্থ ভারতের সেনা জওয়ান (Indian Army) ও সাধারণ মানুষের মৃত্যু ডেকে আনা। ভারতীয়দের জীবনের চেয়ে কোনও এক টুর্নামেন্টে জয় পাওয়া বড় কি না, সেই প্রশ্নও তুলেছেন গাভাসকর। তিনি মুম্বইয়ের (Mumbai) এক সংবাদপত্রে নিজের কলামে লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন এক ফ্র্যাঞ্চাইজিতে এক পাকিস্তানি খেলোয়াড়কে নেওয়া নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা একেবারেই অবাক হওয়ার মতো বিষয় না। ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে জঙ্গি হামলার (26/11 Mumbai Attacks) পর থেকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা আইপিএল-এ (IPL) পাকিস্তানি খেলোয়াড়দের উপেক্ষা করেছেন।’
পাকিস্তানিদের টাকা দিলে ভারতেরই ক্ষতি, মত গাভাসকরের
গাভাসকর আরও লিখেছেন, ‘দেরি হলেও এই উপলদ্ধি হয়েছে যে একজন পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হয়, সেটা পেয়ে সে তার সরকারকে আয়কর দেয়। সেই টাকা দিয়ে তার সরকার অস্ত্র ও আগ্নেয়াস্ত্র কেনে। এর ফলে পরোক্ষভাবে ভারতের সেনা জওয়ান ও সাধারণ মানুষের মৃত্যুর জন্য টাকা দেওয়া হচ্ছে। এই কারণেই ভারতীয়দের পাকিস্তানি শিল্পী ও ক্রীড়াবিদদের নেওয়ার কথা ভাবাই উচিত নয়।’
কাব্য মারানকে তোপ গাভাসকরের
পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেওয়ার পর থেকে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান (Kavya Maran)। গাভাসকরও তাঁর সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘কোনও ভারতীয় সংস্থা হোক বা বিদেশে ভারতীয় সংস্থার অধীনস্থ সংস্থা অর্থ দিয়ে থাকুক, সংস্থার কর্ণধার যদি ভারতীয় হয়ে থাকেন, তাহলে তিনি ভারতীয়দের মৃত্যুর জন্য টাকা দিয়েছেন। এটা আমার স্পষ্ট কথা।’ গাভাসকরের এই মন্তব্যের পর কাব্যর প্রতি সমালোচনার মাত্রা বাড়তে পারে। আইপিএল-এর (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


