IPL 2026: সারা বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ খেলার জন্য মুখিয়ে থাকেন। খুব কম ক্রিকেটারই আছেন যাঁরা সবচেয়ে জনপ্রিয় ও অর্থবান ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগে খেলতে চান না। তাঁদেরই একজন বেন ডাকেট (Ben Duckett)। ইংল্যান্ডের (England) এই উইকেটকিপার-ব্যাটার জাতীয় দলের হয়ে খেলায় মন দিতে চাইছেন।
KNOW
Ben Duckett: এবারের আইপিএল (IPL 2026) থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ডের (England) উইকেটকিপার-ব্যাটার বেন ডাকেট। তিনি দিল্লি ক্যারিটালসের (Delhi Capitals) হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাঁর দু'কোটি টাকা পাওয়ার কথা ছিল। দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল, শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা পথুম নিশাঙ্কর (Pathum Nissanka) সঙ্গে ব্যাটিং ওপেন করবেন ডাকেট। কিন্তু তিনি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলার মন দিতে চান। এই কারণেই আইপিএল থেকে সরে গেলেন। তবে তাঁকে এর খেসারত দিতে হবে। এই উইকেটকিপার-ব্যাটার আগামী দুই মরসুম আইপিএল-এর নিলামে যোগ দিতে পারবেন না এবং ২০২৭ (IPL 2027) ও ২০২৮ সালের আইপিএল-এ (IPL 2028) খেলতে পারবেন না। সে কথা জেনেও এই সিদ্ধান্ত নিলেন ডাকেট।
আইপিএল থেকে সরে গিয়ে কী বলছেন ডাকেট?
আইপিএল থেকে নাম তুলে নেওয়া প্রসঙ্গে ডাকেট বলেছেন, 'আইপিএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। তবে আমি অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্ত নিয়েছি। কোনটা বেছে নেব, সেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়নি। আমি ছোটবেলা থেকে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি। ইংল্যান্ডের ক্রিকেট দলের জন্য আমি সবকিছু করতে পারি। সেটা করার জন্য আমাকে নিশ্চিত করতে হবে, আমি যেন এবারের গ্রীষ্মে শারীরিক ও মানসিকভাবে সেরা জায়গায় থাকি।'
দিল্লি ক্যাপিটালসের কাছে ক্ষমা চাইলেন ডাকেট
ডাকেট আরও বলেছেন, ‘দিল্লির সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সত্যিই উত্তেজিত ছিলাম। দল গড়ার জন্য যে সময় ও পরিকল্পনা করা হয়েছে, তার প্রশংসা করছি। আমার সিদ্ধান্তের জন্য যদি দলে কোনও বিঘ্ন ঘটে থাকে, তাহলে তার জন্য আমি দুঃখিত। সব সমর্থকের কাছেও আমি ক্ষমা চাইছি। আমি জানি সবার কাছে দিল্লি কী।’ এবারের অ্যাশেজে (Ashes) ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ডাকেট। এই কারণেই তিনি ইংল্যান্ডের পরবর্তী সিরিজের আগে তৈরি হতে চাইছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


