
Ishan Kishan-Sakib Hussain: এবারের আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) সতীর্থ সাকিব হুসেনকে ছয় জোড়া স্পাইক জুতো কিনে দিয়েছেন ঈশান কিষান। আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) ৩০ লক্ষ টাকা দিয়ে সাকিবকে দলে নেয় হায়দরাবাদ। এই তরুণ ক্রিকেটারকে শুরুতে খেলার সুযোগ দেওয়া হচ্ছিল না। পরে সিনিয়র ক্রিকেটাররা চোট পাওয়ায় সাকিবকে খেলার সুযোগ দেওয়া হয়। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ। ১৩ এপ্রিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে অভিষেক ম্যাচে চার উইকেট নেন এই তরুণ। তাঁকে পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার জন্য অনেক লড়াই করতে হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। স্পাইক বুট কিনে দেওয়ার জন্য তাঁর মাকে গয়না বিক্রি করে দিতে হয়েছিল। সে কথা জানার পরেই তরুণ সতীর্থর পাশে দাঁড়িয়েছেন ঈশান।
হায়দরাবাদে সুযোগ পাওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) জায়গা পেয়েছিলেন সাকিব। কিন্তু তিনি কেকেআর-এর হয়ে আইপিএল-এ কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি। এই তরুণ জানিয়েছিলেন, তাঁকে আর্থিক সমস্যার মোকাবিলা করতে হয়েছে। স্পাইক বুটের দাম ১০ থেকে ১২ হাজার টাকা করে ছিল। তাঁর পরিবারের সেই জুতো কেনার ক্ষমতা ছিল না। তিনি সেই জুতোর জন্য কাঁদতেন। সেই কান্না দেখে তাঁর মা গয়না বিক্রি করে বুট কিনে দিয়েছিলেন। এবার ঈশানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাকিব জানিয়েছেন, ‘আমার এখন ছয় জোড়া জুতো আছে। ঈশান ভাইয়া আমাকে এই জুতোগুলি কিনে দিয়েছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কোন জুতো পরতে চাই। আমি তাঁকে বলি, অ্যাডিডাস আদি পাওয়ার জুতো পরতে চাই। সে কথা শুনে উনি আমাকে সেই জুতো কিনে দেন।’
চলতি আইপিএল-এ হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচ খেলেছেন সাকিব। তিনি পাওয়ার প্লে-তে ভালো বোলিং করেছেন। আগামী মরসুমে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।