
India vs Sri Lanka Test Series: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতীয় দলে স্বস্তি। ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য তৈরি। এই পেসার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ওডিআই সিরিজে চোট পেয়েছিলেন বুমরা। নিয়ম অনুযায়ী চোট পাওয়ার পর রিহ্যাবের মাধ্যমে ফিট হয়ে ওঠার জন্য বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) গিয়েছিলেন এই পেসার। শুক্রবার তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দুই টেস্ট ম্যাচেই খেলতে পারবেন বুমরা। তিনি দলে ফেরায় ভারতীয় শিবির খুশি।
চোটের জন্য লর্ডসে (The Lord's) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে খেলতে পারেননি বুমরা। তারপরেও তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল। তবে শর্ত ছিল, সিরিজ শুরু হওয়ার আগে ফিট হয়ে উঠতে হবে। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, 'জসপ্রীত বুমরা চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। সিওই নির্ধারিত সব ফিটনেস পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আশা করছি, তিনি দুই টেস্টেই খেলতে পারবেন। কারণ, দলের পরিকল্পনায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে ভারতীয় দল পঞ্চম স্থানে। ভারতের ঠিক পরেই আছে শ্রীলঙ্কা। ফাইনালে পৌঁছনোর দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে শুবমান গিলদের (Shubman Gill) জয় পেতেই হবে। এই সিরিজের আগে বুমরার ফিট হয়ে ওঠা ভারতীয় দলের জন্য ভালো খবর। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের নয় ম্যাচ বাকি। ফাইনালে পৌঁছতে হলে এই নয় ম্যাচের মধ্যে অন্তত সাত ম্যাচে জয় পেতেই হবে। ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৫ অগাস্ট। প্রথম ম্যাচ হবে গলে। এরপর ২৩ অগাস্ট কলম্বোয় দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। ২০১৭ সালে শেষবার টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিল ভারতীয় দল। সেই সিরিজে ৩-০ জয় পেয়েছিল ভারতীয় দল। ফলে এবারও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসা ভারতীয় শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।