
Jasprit Bumrah Injury Speculations: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) পর কি ফের চোট পেয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা? সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এই জল্পনা শুরু হয়। কারণ, আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার ঠিক আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার বদলে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) দেখা যায় এই তারকা পেসারকে। রবিবার এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস। তার আগে দলের অনুশীলনে বুমরার অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়। তবে পরে জানা গিয়েছে, আশঙ্কার কারণ নেই।
বিসিসিআই (BCCI) ও মুম্বই ইন্ডিয়ানসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুমরা নতুন করে চোট পাননি। তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্যই বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে গিয়েছেন। এই পেসার যাতে নতুন করে চোট না পান, তা নিশ্চিত করার জন্যই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন। বিসিসিআই মেডিক্যাল টিম (BCCI Medical Team) বুমরার জন্য বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে নির্দিষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ব্লকের ব্যবস্থা করেছে। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে (India Tour of England) যাচ্ছে ভারতীয় দল। এই সফরে পাঁচটি টি-২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। তার আগে বুমরা যাতে পুরোপুরি ফিট থাকেন, তা নিশ্চিত করাই বিসিসিআই মেডিক্যাল টিমের লক্ষ্য।
মুম্বই ইন্ডিয়ানস সমর্থকদের জন্য ভালো খবর হল, বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সেও বোলিং অনুশীলন করছেন বুমরা। তিনি আইপিএল-এ খেলার জন্য তৈরি। বিসিসিআই মেডিক্যাল টিম অনুমতি দিলেই মুম্বইয়ে ফিরবেন এই পেসার। তিনি ছন্দেই আছেন। আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে ফের সাফল্য এনে দেওয়াই এই তারকার লক্ষ্য। তাঁর উপর ভরসা রাখছে দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।