Ecuador vs Germany: হার দিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শুরু করার পর ইকুয়েডর যে ঘুরে দাঁড়াতে পারবে, সেটা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু গ্রুপ ই-র শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে অনবদ্য লড়াই করল ইকুয়েডর। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পরেও এই লড়াই প্রশংসনীয়।
KNOW
FIFA World Cup 2026 Updates: রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জার্মানিকে ২-১ হারিয়ে দিল ইকুয়েডর (Ecuador vs Germany)। চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ ই-র শেষ ম্যাচে ইকুয়েডরের এই জয় বড় চমক হয়ে থাকল। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই ম্যাচের প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন লিরয় সানে (Leroy Sané)। কিন্তু এই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, টেলিভিশন রিপ্লেতে দেখে মনে হয়েছে, গোলের আগে ফাউল হয়েছিল। ইকুয়েডর শিবির ফাউলের দাবি জানায়। কিন্তু রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পিছিয়ে পড়তে হলেও, হতোদ্যম হয়ে না পড়ে পাল্টা লড়াই শুরু করে ইকুয়েডর। সমতা ফেরাতে বেশিক্ষণ লাগেনি। নবম মিনিটেই অসাধারণ শটে গোল করে সমতা ফেরান নিলসন অ্যাঙ্গুলো (Nilson Angulo)। এরপর ৭৭ মিনিটে ইকুয়েডরের হয়ে জয়সূচক গোল করেন গঞ্জালো প্লাতা (Gonzalo Plata)। জার্মানির পক্ষে আর সমতা ফেরানো সম্ভব হয়নি।

নাটকীয় জয় ইকুয়েডরের
এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছিল। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল জার্মানির বিরুদ্ধে সমানে সমানে লড়াই চালাচ্ছিল ইকুয়েডর। প্রথমার্ধের খেলা ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই চূড়ান্ত নাটকীয় ঘটনা দেখা যায়। বক্সের মধ্যে পড়ে যান জার্মানির কাই হ্যাভার্ৎজ (Kai Havertz)। পেনাল্টি দেন রেফারি। কিন্তু এবারও ফাউলের দাবি জানান ইকুয়েডরের ফুটবলাররা। এবার সেই আবেদনে সাড়া দিয়ে ভিএআর-এর (VAR) সাহায্য নেন রেফারি। দেখা যায়, আগেই পেড্রো ভিটেকে (Pedro Vite) ফাউল করেন সানে। এই কারণে পেনাল্টির সিদ্ধান্ত বদলে ইকুয়েডরের পক্ষে ফাউলের নির্দেশ দেন রেফারি। এরপর আর ইকুয়েডরকে আটকাতে পারেনি জার্মানি।
হেরেও গ্রুপের শীর্ষে জার্মানি
ইকুয়েডরের বিরুদ্ধে এই ম্যাচে হেরে গেলেও, তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে থাকল জার্মানি। তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে আইভরি কোস্ট (Ivory Coast)। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে থাকল জার্মানি। দ্বিতীয় স্থানে থেকে আইভরি কোস্টও জার্মানির সঙ্গে নক-আউটের যোগ্যতা অর্জন করল। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে ইকুয়েডরও নক-আউটের যোগ্যতা অর্জনের পথে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


