FIFA World Cup 2026: রেফারি বা সহকারী রেফারিদের সিদ্ধান্ত নিয়ে যাতে কোনওরকম সন্দেহ না থাকে, সেটা নিশ্চিত করার জন্যই ভিএআর (Video Assistant Referee) চালু করেছে ফিফা। কিন্তু চলতি বিশ্বকাপ ফুটবলে ভিএআর নিয়ে প্রশ্ন উঠেছে। জার্মানি-প্যারাগুয়ে (Germany vs Paraguay) ম্যাচের পর অনেকেই ভিএআর-এর সমালোচনা করছেন।
KNOW
VAR Controversy: ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর কি সবসময় ঠিক সিদ্ধান্ত নেয়? চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) রাউন্ড অফ ৩২-এ জার্মানি-প্যারাগুয়ে (Germany vs Paraguay) ম্যাচ এই প্রশ্ন তুলে দিয়েছে। জার্মান শিবিরের দাবি, তাদের নিশ্চিত গোল থেকে বঞ্চিত করা হয়েছে। এই ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। প্যারাগুয়ের জয় যেমন কৃতিত্বের, তেমনই জার্মানির ব্যর্থতা নিয়েও কাটাছেঁড়া চলছে। একইসঙ্গে ভিএআর নিয়েও বিতর্ক চলছে। জার্মানির যে গোল বাতিল নিয়ে এত আলোচনা, সেই গোল হয়ে গেলে হয়তো ম্যাচ টাইব্রেকারে গড়াতই না এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা রাউন্ড অফ ১৬-এর যোগ্যতা অর্জন করত। জার্মানি হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াতেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

বিতর্কে মরক্কোর রেফারি
চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউট পর্যায়ে প্যরাগুয়ের বিরুদ্ধে এই ম্যাচের ৪২ মিনিটে জুলিও এনসিসোর (Julio Enciso) গোলে পিছিয়ে পড়ে জার্মানি। ৫৪ মিনিটে সমতা ফেরান কাই হ্যাভার্ৎজ (Kai Havertz)। এরপর আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে কর্নার কিক থেকে দুরন্ত হেডে জালে বল জড়িয়ে দেন জার্মানির ডিফেন্ডার জোনাথন তাহ (Jonathan Tah)। কিন্তু মরক্কোর (Morocco) রেফারি জালাল জায়েদ (Jalal Jayed) সেই গোল বাতিল করে দেন। ভিএআর-এর দায়িত্বে থাকা তাতিয়ানা গাজম্যান (Tatiana Guzman) জানান, গোলের ঠিক আগে জার্মানির ওয়াল্ডেমার অ্যান্টন প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিলকে (Orlando Gill) ধাক্কা মারেন। এই কারণেই ভিডিও দেখে গোল বাতিল করেন রেফারি। এরপর টাইব্রেকারে হেরে যায় জার্মানি। অ্যান্টন সত্যিই ফাউল করেছিলেন কি না, সে বিষয়ে পক্ষে-বিপক্ষে নানা মত শোনা যাচ্ছে।
ক্ষুব্ধ জার্মানির প্রধান কোচ
বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে যাওয়ার পর জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যান (Julian Nagelsmann) বলেছেন, ‘আপনারা বলতেই পারেন, আমরা অন্যভাবে এই সমস্যা মেটাতে পারতাম। কিন্তু যে গোল বাতিল হয়েছে তা বৈধ ছিল। এই গোল বাতিল হওয়া হাস্যকর।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


