
Kolkata Weather Forecast: আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ায় বড় কোনও বদল না হলে শনিবার সন্ধেবেলা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নির্বিঘ্নেই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস ম্যাচ (Kolkata Knight Riders vs Gujarat Titans)। চলতি আইপিএল-এ (IPL 2026) লিগ টেবলে আট নম্বরে থাকা কেকেআর-এর প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখতে হলে ঘরের মাঠে এই ম্যাচে জয় পেতেই হবে। ফলে ম্যাচ ভেস্তে গেলে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের আশা শেষ যাবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধে থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় বৃষ্টি না-ও হতে পারে। হলেও খুব সামান্য বৃষ্টি হবে। ফলে ইডেনে পুরো ম্যাচ হতে সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।
আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ছয় বার গুজরাটের মুখোমুখি হয়েছে কেকেআর। এর মধ্যে একবার বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ম্যাচ। এক ম্যাচে জয় পেয়েছে কেকেআর। বাকি চার ম্যাচেই জয় পেয়েছে গুজরাট। ফলে এগিয়ে থেকেই ইডেনে খেলতে নামছেন শুবমান গিলরা (Shubman Gill)। চলতি আইপিএল-এ দুই দলের প্রথম সাক্ষাতেও জয় পেয়েছে গুজরাট। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮০ রানে অলআউট হয়ে যায় কেকেআর। ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেন শুবমানরা। ফলে তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে।
চলতি আইপিএল-এ প্রায় এক মাস পর ইডেনে ম্যাচ হতে চলেছে। শনিবারের ম্যাচে পিচ থেকে সাহায্য পেতে পারেন ব্যাটাররা। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে যে দল টসে জিতবে তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। তবে বৃষ্টি না হলে সারা ম্যাচেই পিচ একইরকম আচরণ করতে পারে। ফলে টস খুব গুরুত্বপূর্ণ না-ও হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।