
IPL 2026: কবে আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি পাবেন শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)? কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে এখন এই আলোচনা চলছে। এই পেসারের চোট ছিল। তিনি ফিট হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) এখনও তাঁকে কেকেআর-এ যোগ দেওয়ার অনুমতি দেয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট সম্প্রতি ফিটনেস সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। যে ৪৫ জন ক্রিকেটারের সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তি আছে, তাঁদের মধ্যে ২৪ জন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পাথিরানা-সহ ১৫ জন ক্রিকেটার এখনও ফিটনেস টেস্ট দেননি। এই কারণেই তাঁর পক্ষে এখনও কেকেআর-এ যোগ দেওয়া সম্ভব হয়নি। পাথিরানা এখনও দলে যোগ না দেওয়ায় বোলিং বিভাগ নিয়ে সমস্যায় কেকেআর। বিশেষ করে পেস বোলিং বিভাগ নিয়ে সমস্যা রয়েছে। কারণ, দলের একাধিক পেসার চোট পেয়েছেন। তাঁরা ফিট হয়ে দলে না ফেরা পর্যন্ত সমস্যা মিটবে না।
এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে কেকেআর শিবিরে যোগ দিতে পারেন পাথিরানা। তবে তিনি ঠিক কবে ভারতে আসবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। এর আগে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলেছেন পাথিরানা। কিন্তু তাঁর পক্ষে এখনও কেকেআর-এর পক্ষে খেলা সম্ভব হয়নি।
এবারের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন কাফ মাসলে চোট পান পাথিরানা। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছেন এই পেসার। তিনি ফিটনেস টেস্ট দেওয়ার আগে পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কি না বলা সম্ভব নয়। শ্রীলঙ্কা ক্রিকেটই এ বিষয়ে শেষ কথা বলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।