
Sri Lanka Cricket: শুধু ভালো ক্রিকেটার হলেই চলবে না। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাও থাকতে হবে। না হলে লঙ্কা প্রিমিয়ার লিগে (Lanka Premier League 2026) কোনও দলে সুযোগ পাওয়া যাবে না। শ্রীলঙ্কার টি-২০ লিগে বিদেশি ক্রিকেটারদের জন্য এমনই নিয়ম জারি করা হয়েছে। কোনও বিদেশি ক্রিকেটার যদি এই লিগে আইকন ক্যাটিগরিতে জায়গা করে নিতে চান, তাহলে অন্তত ৭৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, ১০০টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ ম্যাচ খেলে থাকতে হবে। গত ১৮ মাসে অন্তত ৩০টি ম্যাচ খেলে থাকতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ২,৫০,০০০-এরও বেশি ফলোয়ার থাকতে হবে। একজন ক্রিকেটারের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং বা উইকেটকিপিংয়ের দক্ষতার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এবং বাণিজ্যিক আবেদনও বিচার করছে শ্রীলঙ্কা ক্রিকেট। এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতেই বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সমালোচনার জেরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা সংক্রান্ত শর্ত বাতিল করা হচ্ছে।
লঙ্কা প্রিমিয়ার লিগে শুধু আইকন ক্যাটিগরিই নয়, স্টার ক্যাটিগরিতে জায়গা পেতে হলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে হবে। এই ক্যাটিগরিতে জায়গা পেতে হলে বিদেশি ক্রিকেটারদের অন্তত ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, ১০০টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ ম্যাচ খেলে থাকতে হবে। এছাড়া গত ১৮ মাসে অন্তত ৩০টি ম্যাচ খেলে থাকতে হবে। এছাড়া শর্ত হল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ২,৫০,০০০-এরও বেশি ফলোয়ার থাকতে হবে। গোল্ড ক্যাটিগরিতে জায়গা পেতে হলে অন্তত ৩০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে থাকতে হবে, ৭৫টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ ম্যাচ খেলে থাকতে হবে এবং গত ১৮ মাসে অন্তত ২০টি ম্যাচ খেলে থাকতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ১,৫০,০০০-এরও বেশি ফলোয়ার থাকতে হবে। ক্লাসিক ক্যাটিগরিতে জায়গা পেতে হলে অন্তত ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, ৫০টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ ম্যাচ খেলে থাকতে হবে। গত ১৮ মাসে অন্তত ২০টি ম্যাচ খেলে থাকতে হবে। এছাড়া খেলোয়াড়দের যথেষ্ট জনপ্রিয়তা ও বাণিজ্যিক আবেদন থাকতে হবে।
২০২৪ সাল থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি নিষ্ক্রিয়। এবার বিদেশি ক্রিকেটারদের জনপ্রিয়তা ব্যবহার করে এই লিগের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।