IPL 2026: আইপিএল-এ সুযোগ পাওয়ার জন্য সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। কিন্তু এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bengaluru) দলের হয়ে খেলার সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার নুয়ান থুসারা (Nuwan Thushara)। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
KNOW
Nuwan Thushara: এবারের আইপিএল-এ (IPL 2026) যোগ দেওয়ার জন্য 'নো অবজেকশন সার্টিফিকেট' (No Objection Certificate) না পেয়ে কঠোর ব্যবস্থা নিলেন শ্রীলঙ্কার (Sri Lanka) পেসার নুয়ান থুসারা (Nuwan Thushara)। তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) বিরুদ্ধে কলম্বো জেলা আদালতের (Colombo District Court) দ্বারস্থ হয়েছেন। তাঁর আর্জি, আদালত যেন শ্রীলঙ্কা ক্রিকেটকে 'এনওসি' দেওয়ার নির্দেশ দেয়। আগামী বৃহস্পতিবার আদালতে শুনানি হবে। ফলে তার আগে ভারতে আসতে পারছেন না থুসারা। তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলার কথা ছিল। কিন্তু তাঁর পক্ষে এখনও আইপিএল-এ যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা ক্রিকেট কেন এই পেসারকে আরসিবি-র হয়ে খেলার অনুমতি দিচ্ছে না, তা স্পষ্ট নয়।
বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব থুসারার
শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশের মাটিতে টি-২০ লিগে যোগ দেওয়ার জন্য সম্প্রতি যে ফিটনেস সংক্রান্ত নিয়ম চালু করা হয়েছে, সেই শর্ত পূরণ করতে পারেননি থুসারা। এই কারণেই তাঁকে 'এনওসি' দেওয়া হয়নি। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের চিফ এগজিকিউটিভ অ্যাশলে ডি সিলভা (Ashley de Silva) বলেছেন, ফিটনেসের বিষয়ে যে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, তাতে ২৯টি নিয়মের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্তত ১৭টি নিয়ম মানতেই হবে। কিন্তু থুসারা সেই নিয়ম মানতে পারেননি। এই কারণেই তাঁকে আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হয়নি।
শ্রীলঙ্কার হয়ে আর খেলবেন না থুসারা
আদালতে থুসারা দাবি করেছেন, ৩১ মার্চ তাঁর সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তিনি ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন, চুক্তি নবীকরণ করতে চান না। অতীতে তাঁকে আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি। ফলে তাঁর রোজগার বন্ধ হয়ে যেতে বসেছে। এবার হয়তো তিনি আরসিবি-র হয়ে খেলতে পারবেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে এরকম সুযোগ আর না-ও আসতে পারে। এই কারণেই আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন থুসারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


