
Manav Suthar IND vs AFG: টেস্ট ক্রিকেটে স্বপ্নের অভিষেক হল মানব সুথারের (manav suthar bowling)। বাঁ-হাতি এই স্পিনার তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্টেই ৬ উইকেট নিয়ে কার্যত, ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছেন। ভারত বনাম আফগানিস্তান টেস্টে, মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন এই তরুণ স্পিনার। এই অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই আফগানিস্তান মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায়। ভারত সঙ্গে সঙ্গে তাদের ফলো-অন করায় (ind vs afg test)।
অন্যদিকে, এই ধামাকা পারফরম্যান্সের সুবাদেই রেকর্ড বুকে নাম তুলে নিলেন ২৩ বছর বয়সী এই রাজস্থানী অলরাউন্ডার। তিনি হলেন দশম ভারতীয় বোলার এবং সপ্তম ভারতীয় স্পিনার, যিনি অভিষেক টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। শুধু তাই নয়, ১৯৮৮ সালে নরেন্দ্র হিরওয়ানির ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬১ রানে ৮ উইকেটের পর, অভিষেক টেস্টে কোনও ভারতীয় বোলারের এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। অনবদ্য পরিসংখ্যান।
You only get one debut, and Manav Suthar made sure history remembers it 🤍
Updates ▶️ https://t.co/Au50EfVM30#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/GRmzbLFbzO— BCCI (@BCCI) June 8, 2026
ভারত-আফগানিস্তান টেস্ট যেন পুরো 'সুথার শো'। এই বাঁ-হাতি স্পিনার সোমবার সকালের সেশনেই তিনটি উইকেট তুলে নেন। প্রথমে তিনি ১১ রান করা শরাফুদ্দিন আশরাফকে ফেরান। এরপর আফগানিস্তানের হয়ে একা লড়াই করা রহমত শাহকে আউট করেন। তখন রহমত ৬০ রানে দাঁড়িয়ে।
মহম্মদ সেলিম সাফিকে এলবিডব্লিউ করে নিজের প্রথম পাঁচ উইকেটের মাইলস্টোনটি পূর্ণ করেন সুথার। পরে আরও একটি উইকেট নিয়ে মোট ৬টি উইকেট ঝুলিতে ভরেন এই তরুণ স্পিনার। আফগানিস্তানের ইনিংস ৫৮.৪ ওভারেই শেষ হয়ে যায়। ভারত ৪১২ রানের বিশাল লিড পায়। সুথার যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন হেড কোচ গৌতম গম্ভীর সহ সাপোর্ট স্টাফরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।
ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেই জাতীয় দলের দরজা খুলেছে সুথারের সামনে। রাজস্থানের এই ক্রিকেটার ২৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫.৭৬ গড়ে ১২৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও ২৫.৬৫ গড়ে ১০২৬ রান করেছেন। গত রঞ্জি ট্রফিতে মাত্র তিনটি ম্যাচ খেলেই ১৮টি উইকেট নেন। যার মধ্যে ছত্তিশগড়ের বিরুদ্ধে একটি ইনিংসে আট উইকেটও ছিল। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১২০ রান করার পাশাপাশি ৭টি উইকেট নিয়ে তিনি নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেন। এছাড়া অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে একটি অফিসিয়াল টেস্টে ৮ উইকেট নিয়ে তিনি নির্বাচকদের নজরে আসেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।