
India vs Afghanistan Test: প্রত্যাশামতোই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দাপট দেখাচ্ছে ভারতীয় দল। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তানের চেয়ে ৪৫১ রানে এগিয়ে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে আট উইকেটে ৫৬৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে আফগানিস্তান পাঁচ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে। আফগান ব্যাটারদের মধ্যে লড়াই করছেন একমাত্র রহমত শাহ (Rahmat Shah)। তিনি দিনের শেষে ৪৩ রান করে অপরাজিত। অধিনায়ক হামশমাতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi) ২০ রান করেছেন। ওপেনার আবদুল মালিক (Abdul Malik) ১৬ রান করেছেন। অপর ওপেনার সিদিকুল্লাহ আতাল (Sediqullah Atal) ১৭ রান করেছেন। রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ১২ রান করেছেন। আফসর জাজাই (Afsar Zazai) মাত্র তিন রান করেই আউট হয়ে গিয়েছেন।
অভিষেক টেস্টে ভালো বোলিং করে নজর কাড়লেন রাজস্থানের (Rajasthan) বাঁ হাতি স্পিনার মানব সুতার (Manav Suthar)। এই তরুণ রবিবার ১৫.৫ ওভার বোলিং করে সাত মেডেন-সহ ২১ রান দিয়ে তিন উইকেট নেন। অভিজ্ঞ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) সাত ওভার বোলিং করে ২৭ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন। তৃতীয় দিন দ্রুত আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ করাই লক্ষ্য ভারতীয় দলের। আফগানদের ফলো-অন করানো হতে পারে।
শনিবার প্রথম দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল তিন উইকেটে ৩৬৮। ১০৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। ৫০ রান করে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রবিবার ১২৬ রান করে আউট হয়ে যান শুবমান। ৮১ রান করে আউট হয়ে যান ঋষভ। ৫২ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ১৯ রান করেন। সুতার ২৮ রান করেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ২২ রান করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।