
Mohammed Siraj Excluded: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) দ্বিতীয় টেস্ট ম্যাচে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। তার মধ্যেই মহম্মদ সিরাজকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে সিরাজকে নিয়মিত খেলানো উচিত। ভারতীয় দলের বোলিং আক্রমণে এই পেসারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি। চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচেও একাদশে জায়গা পাননি সিরাজ। দ্বিতীয় টেস্টেও তাঁকে বাইরে রেখেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। অথচ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সিরাজই। ১১ ম্যাচে তিনি ৪৩ উইকেট নিয়েছেন।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে অলআউট করতে পারেননি। ফলে ম্যাচ ড্র হয়। দ্বিতীয় টেস্টেও বোলিং নিয়ে সমস্যায় পড়েছে ভারত। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৩৩। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে ২৪৩ রানের লিড নিয়েছে কিউয়িরা। হাতে রয়েছে আরও দু'দিন। এই পরিস্থিতিতে সিরাজকে নিয়ে আলোচনা বেড়েছে। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, 'সিরাজকে না খেলানোর আগে নিশ্চয়ই গম্ভীর ও শুবমান গিল ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি না ঠিক কী কারণে ওকে খেলানো হচ্ছে না। তবে আমি যে সিরাজকে দেখেছি, তাতে টেস্ট ক্রিকেটে ওকে খেলানো উচিত। আপনারা বলছেন ওর ফর্ম ভালো নয়। শুবমানও বলেছে ওর ফর্ম ঠিক নেই। হয়তো সেই কারণেই ওকে বাইরে রাখা হয়েছে। তবে সিরাজ খেলবে, নিশ্চিতভাবেই খেলবে।'
ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘এই টেস্টে ভারত কিছুটা চাপে পড়ে গিয়েছে। আজ তৃতীয় দিন। নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে গিয়েছে। তবে ম্যাচে এখনও অনেক সময় বাকি রয়েছে। যা হওয়ার হয়ে গিয়েছে।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।