
Chennai Super Kings: শনিবার চিপকে (Chepauk) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধেও খেলতে পারছেন না চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আগামী সপ্তাহে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচের আগে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন এই তারকা। তিনি কাফ মাসলে চোট পেয়ে মাঠের বাইরে। চলতি আইপিএল-এ (IPL 2026) এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলেছে সিএসকে। কোনও ম্যাচেই খেলতে পারেননি ধোনি। তিন ম্যাচেই হেরে গিয়েছে দল। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঘরের মাঠে পরের দুই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিবার দিল্লি এবং আগামী মঙ্গলবার কেকেআর-এর বিরুদ্ধে জয় না পেলে রুতুরাজের উপর চাপ বাড়বে।
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের পক্ষে এই অবস্থান লজ্জাজনক। ধোনি মাঠে ফিরে কেমন পারফরম্যান্স দেখাবেন, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে এই কিংবদন্তি মাঠে ফিরলে দলের সবাই উজ্জীবিত হয়ে উঠবেন। এই কারণেই সিএসকে শিবিরের সবাই ধোনির মাঠে ফেরার অপেক্ষায়।
চলতি আইপিএল-এ কোনও অ্যাওয়ে ম্যাচেই দলের সঙ্গে যাননি ধোনি। ৩০ মার্চ গুয়াহাটিতে (Guwahati) এবং ৫ এপ্রিল বেঙ্গালুরুতে (Bengaluru) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচের সময় চেন্নাইয়েই ছিলেন সিএসকে-র প্রাক্তন অধিনায়ক। তিনি এখন রিহ্যাবে আছেন। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধেও খেলতে পারেননি ধোনি। তাঁর ফিটনেসের উপর নজর রেখেছেন ফিজিও, ম্যাসিওর-সহ সিএসকে-র সাপোর্ট স্টাফরা। নেটে ব্যাটিং অনুশীলন করছেন ধোনি। তিনি যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। কিন্তু এখনও ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারেননি। এই কারণেই তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারলে দলকে স্বস্তি দেবেন ধোনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।