
Colombo Weather Forecast: শনিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ (New Zealand vs Pakistan) কি নির্বিঘ্নে হবে? এই প্রশ্ন জোরালো হচ্ছে। কারণ, কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন বৃষ্টি হতে পারে। শ্রীলঙ্কায় (Sri Lanka) এবারের টি-২০ বিশ্বকাপ চলাকালীন বৃষ্টি হয়েছে। এমনকী, বৃষ্টিতে ম্যাচও ভেস্তে গিয়েছে। এবার সুপার এইট পর্যায়ের প্রথম ম্যাচেও যদি বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে, তাহলে তা ক্রিকেটপ্রেমীদের কাছে হতাশাজনক হবে। এই ম্যাচে যদি দুই দলকে পয়েন্ট ভাগ করে নিতে হয়, তাহলে সুপার এইট গ্রুপ টুয়ের হিসেবও জটিল হয়ে যাবে। এই কারণে শুধু নিউজিল্যান্ড বা পাকিস্তানই না, সব দলই কলম্বোর আবহাওয়ার দিকে নজর রাখছে।
কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুর একটা থেকে তিনটের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্ধে সাতটা থেকে রাত ১১টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস সামান্য। ফলে ম্যাচ নির্বিঘ্নে হবে বলে আশা তৈরি হয়েছে। যদিও সন্ধেবেলাই সবচেয়ে বেশি মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলম্বোয় আপেক্ষিক আর্দ্রতা থাকছে ৮০ শতাংশ। ফলে গুমোট পরিবেশ-পরিস্থিতিতে ক্রিকেটারদের কিছুটা সমস্যা হতে পারে। অতিরিক্ত ঘামের ফলে শরীরে জলের পরিমাণ কমে যেতে পারে।
এবারের টি-২০ বিশ্বকাপে শুধু সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করেছে আইসিসি। ফলে শনিবার যদি বৃষ্টির জন্য নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ ভেস্তে যায়, তাহলে দুই দল এক পয়েন্ট করে পাবে। তবে সুপার এইট পর্যায়ে সব ম্যাচই যাতে হয়, তা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময়ের পরেও অতিরিক্ত ৯০ মিনিট অপেক্ষা করবেন আম্পায়াররা। আইসিসি চাইছে সব ম্যাচই হোক। না হলে সম্প্রচারকারী সংস্থার আর্থিক ক্ষতি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।