Delhi Capitals vs Punjab Kings: শনিবার জমজমাট আইপিএল (IPL 2026)। দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে ইতিহাস তৈরি হল। প্রথমে ব্যাটিং করতে নেমে চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি দলগত রান করে দিল্লি। এরপর বিশাল টার্গেট তাড়া করতে নেমে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। কে এল রাহুল (KL Rahul), প্রিয়াংশ আর্যদের (Priyansh Arya) অসাধারণ লড়াই দেখা গেল।

DID YOU
KNOW
?
কে এল রাহুলের নজির
আইপিএল-এ কোনও ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন কে এল রাহুল।

IPL 2026: দুই দল মিলিয়ে ৪০ ওভারে ৫২৯ রান! শনিবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Punjab Kings) ম্যাচে ইতিহাস তৈরি হল। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ২৬৪ রান করে দিল্লি। বিশাল টার্গেট তাড়া করতে নেমে সাত বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। দিল্লির হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার কে এল রাহুল (KL Rahul)। তিনি ৬৭ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি। পাল্টা পাঞ্জাবের হয়ে অসাধারণ ব্যাটিং করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ও প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। প্রিয়াংশ ১৭ বলে জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। প্রভসিমরন ২৬ বলে ৭৬ রান করেন। তিনি নয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (Shreyas Iyer) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৩৬ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। শ্রেয়াসের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। দুই দলের ব্যাটারদের দাপটের মধ্যে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়ল পাঞ্জাব।

আইপিএল-এ ইতিহাস

এদিন চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি রান করার নজির গড়ে দিল্লি। রাহুলের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করেন নীতীশ রানা (Nitish Rana)। তিনি ৪৪ বলে ৯১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। রাহুল ও নীতীশের জুটিতে যোগ হয় ২২০ রান। রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে পাঞ্জাবের ইনিংস শুরু করেন প্রিয়াংশ ও প্রভসিমরন। ওপেনিং জুটিতে ৬.৫ ওভারে ১২৬ রান যোগ হয়। এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন শ্রেয়াস। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ১৫ বলে ২৫ রান করেন। শশাঙ্ক সিং (Shashank Singh) ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। আইপিএল-এর ইতিহাসে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাঞ্জাব।

ম্যাচের সেরা রাহুল

অসাধারণ শতরান করার সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাহুল। তবে এই ইনিংস খেলার পরেও তিনি দলকে জেতাতে পারলেন না। দিল্লির ব্যাটিং ভালো হলেও, বোলিং বিভাগ দলকে ডুবিয়ে দিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।