
Usman Khawaja Controversy: ২০১৮ সালে বল-বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে মুখ খুলে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ওপেনার উসমান খাজা (Usman Khawaja)। সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনী 'সবর'-এ (Sabr – Patience) এই বিতর্ক নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন তিনি। আর সেই দাবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্যাট কামিন্সকে (Pat Cummins) নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্ন এড়াতে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন খাজা। তিনি আত্মজীবনী নিয়ে একাধিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন বলে দিয়েছেন, আর কোনও সাক্ষাৎকার দেবেন না। যদিও সংবাদমাধ্যমকে এড়িয়ে চললেও, বিতর্ক এড়াতে পারছেন না খাজা।
চলতি বছরে সিডনিতে (Sydney) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নিজের শেষ টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন খাজা। কিন্তু অবসরের পরেও ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে কেপটাউনের (Cape Town) নিউল্যান্ডস টেস্টে (Newlands Test) ঘটে যাওয়া স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে তাঁর মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner) ও ক্যামেরন ব্যানক্রফটই (Cameron Bancroft) নন, অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) শুধু তিন ক্রিকেটারকেই শাস্তি দেয়। বল-বিকৃতির ঘটনা নিয়ে খাজার এই দাবিকে সমর্থন করেছেন তাঁর প্রাক্তন ওপেনিং পার্টনার ওয়ার্নার। এই বক্তব্যকে ‘১০০ শতাংশ সঠিক’ বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়াকে তড়িঘড়ি করা এবং ত্রুটিপূর্ণ বলেও সমালোচনা করেছেন ওয়ার্নার। তাঁর মতে, ওই ঘটনার তদন্তে আরও স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রয়োজন ছিল।
খাজার এই মন্তব্যের পর অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট, ওডিআই অধিনায়ক কামিন্স এবং দলের বোলিং বিভাগের সদস্যরা বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করে। এবিসির ‘৭.৩০’ অনুষ্ঠানে সাংবাদিক সারা ফার্গুসনের মুখোমুখি হয়ে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন খাজা। তবে কামিন্স বা বোলারদের ভূমিকা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আমার বইয়ে যা লিখেছি, সেটাই আমার বক্তব্য। ওই তিন ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে আমি যা দেখেছি, তা-ই জানিয়েছি।’ এই সাক্ষাৎকারের পরেই বইয়ের প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কর্মসূচি বাতিল করেছেন খাজা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।