Afghanistan: আফগানিস্তানে তালিবান (Taliban) শাসনে মেয়েদের খেলা নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও প্রকাশ্যে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছে এক পশতুন (Pashtun) মেয়ে। বড় ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখছে সে।
KNOW
Afghanistan Cricket: নাম আইনা ওয়াজির। আফগানিস্তানের (Afghanistan) উত্তর ওয়াজিরিস্তানের (North Waziristan) তেহসিল শাওয়াহ (Tehsil Shawah) অঞ্চলের বাসিন্দা। উপজাতি পরিবারের এই কিশোরী ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছে। শুধু খেলছেই না, ব্যাটিং-বোলিংয়ে রীতিমতো নজর কেড়ে নিচ্ছে। বয়সে বড় ছেলেদের বিরুদ্ধেও দাপট দেখাচ্ছে। তার বলের গতি অন্যদের ভয় পাইয়ে দিচ্ছে। সে ব্যাটিং করার সময় বড় শটও খেলে। কিন্তু আফগানিস্তানে এখন মেয়েদের খেলা চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। মেয়েদের বাড়ির বাইরে বেরনোর ক্ষেত্রেই নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান (Taliban)। ফলে আইনার পক্ষে আফগানিস্তানে থেকে পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্নপূরণ করা কঠিন। এই কারণে সে ভারতের কাছ থেকে সাহায্য চাইছে। ভারতে এসে ক্রিকেট খেলার সুযোগ পেলে সে বড় ক্রিকেটার হয়ে উঠতে পারে।
হেফাজতে বিনা বিচারে মৃত্যু বাবার
আইনার বাবা উমর গুলকে সন্দেহের বশে তুলে নিয়ে গিয়েছিল সরকারি বাহিনী। তারপর হেফাজতে তাঁর উপর অত্যাচার চালানো হয়। সেই অত্যাচারের ফলে তাঁর মৃত্যু হয়। কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তা সত্ত্বেও বিনা বিচারে হেফাজতে অত্যাচারে তাঁর মৃত্যু হয়। আফগানিস্তানে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। অত্যাচার, বিচার-বহির্ভূত হত্যার ঘটনা প্রায়ই ঘটে চলেছে। কিন্তু এভাবে বাবাকে হারাতে হলেও, ভেঙে পড়েনি আইনা। সে তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করেই প্রকাশ্যে ছেলেদের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ তাকে সাহায্যও করছেন। কিন্তু এভাবে তার পক্ষে বেশিদিন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই কারণে সে ভারতে আসতে চাইছে।
পড়াশোনাও করতে চায় আইনা
এক ভিডিওতে আইনা বলেছে, ‘ওয়াজিরিস্তানে মেয়েদের পড়াশোনা করার জন্য কোনও ভালো স্কুল নেই। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শিক্ষিত হয়ে উঠতে চাই।’ ভারতে আসার সুযোগ পেলে এদেশে থেকে পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যেতে পারবে সে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


