
European T20 Premier League: ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে ডাবলিন গার্ডিয়ানস (Dublin Guardians) ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এ বছরই শুরু হতে চলেছে এই লিগ। প্রথম মরসুমে এই লিগে খেলবে ছয় ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে এক ফ্র্যাঞ্চাইজির কর্ণধার হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন কোচ। ইউরোপে ক্রিকেট তেমন জনপ্রিয় নয়। ইংল্যান্ডে (England) অবশ্য অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। স্কটল্যান্ড (Scotland), আয়ারল্যান্ড (Ireland), নেদারল্যান্ডসের (Netherlands) মতো দেশেও ক্রিকেট খেলা হয়। এবার ইউরোপের অন্য দেশগুলিতেও ক্রিকেট খেলা জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপে ভারত, পাকিস্তান (Pakistan), শ্রীলঙ্কা-সহ (Sri Lanka) এশিয়ার (Asia) বিভিন্ন দেশ থেকে বহু মানুষ গিয়ে বসবাস করছেন। স্বভাবতই তাঁরা ক্রিকেট খেলা ভালোবাসেন। তাঁদের মাধ্যমেই ইউরোপের বিভিন্ন দেশে ক্রিকেট খেলা জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে।
ভারতীয় দলের হয়ে দেড় দশকেরও বেশি সময় ধরে খেলেছেন দ্রাবিড়। তাঁর কোচিংয়ের অভিজ্ঞতাও বিপুল। এই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছেন ইউরোপের টি-২০ লিগের আয়োজকরা। প্রশাসক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক তারকারা এই লিগকে লাভজনক করে তোলার জন্য সবরকমভাবে চেষ্টা করছেন। সোমবার ডাবলিনে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই দ্রাবিড়কে এই ফ্র্যাঞ্চাইজির কর্ণধার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই কিংবদন্তি যুক্ত হওয়ায় লিগ সফল হবে বলে আশা করছেন আয়োজকরা।
দ্রাবিড়ের পাশাপাশি এই লিগের সঙ্গে যুক্ত হচ্ছেন মিচেল মার্শ (Mitchell Marsh), টিম ডেভিড (Tim David), মিচেল স্যান্টনার (Mitchell Santner), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ফাফ ডু প্লেসির (Faf du Plessis) মতো তারকারা। ইউরোপের উঠতি ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকাদের সঙ্গে অনুশীলন করা এবং খেলার সুযোগ পাবেন। ফলে তাঁরা উন্নতি করার সুযোগ পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।