
IPL 2026: এত ক্যামেরা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পরেও বিতর্কিত সিদ্ধান্ত! বৃহস্পতিবার সন্ধেবেলা আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Gujarat Titans vs Royal Challengers Bengaluru) অধিনায়ক রজত পতিদারকে (Rajat Patidar) যেভাবে আউট দেওয়া হল, তাতে চরম ক্ষুব্ধ বিরাট কোহলি (Virat Kohli)। তিনি তৃতীয় আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্যের (Abhijit Bhattacharya) সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। বাউন্ডারি লাইনের ধারে গিয়ে তৃতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট। তিনি মাঠের আম্পায়ারদের দিকেও ইঙ্গিত করেন যে ঠিকমতো ক্যাচ নেওয়া হয়নি। কিন্তু তারপরেও আম্পায়ারদের সিদ্ধান্ত বদলায়নি। ফলে বিরাটের ক্ষোভ কমেনি। অধিনায়ককে যেভাবে বিতর্কিত আউট দেওয়া হয়েছে, তাতে ক্ষুব্ধ আরসিবি শিবির।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। আরিসিবি-র ইনিংসের অষ্টম ওভারে আর্শাদ খানের (Arshad Khan) বলে পুল শট খেলেন পতিদার। কিন্তু ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। ফলে বল উঁচু হয়ে উঠে যায়। গুজরাটের দুই ফিল্ডার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও জেসন হোল্ডার (Jason Holder) ক্যাচ নিতে ছোটেন। প্রথমে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন রাবাডা। তবে এরপর ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন হোল্ডার। তবে তিনি ক্যাচ নেওয়ার সময় মাটিতে পড়ে যায় বল। তা সত্ত্বেও আউট দেন তৃতীয় আম্পায়ার। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরাটরা।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.২ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ইনিংসের শুরুটা দারুণভাবে করেন বিরাট। তিনি ১৩ বলে ২৮ রান করেন। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ২৪ বলে ৪০ রান করেন। পতিদার ১৫ বলে ১৯ রান করেন। ২২ রান দিয়ে তিন উইকেট নেন আর্শাদ। হোল্ডার ২৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।