
Ranji Trophy 2026-27 Matches: কল্যাণীতে ফের বল হাতে আগুন ঝরালেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। রবিবার রঞ্জি ট্রফির গ্রুপ সি-তে বাংলা-দিল্লি (Bengal vs Delhi) ম্যাচের প্রথম দিনই শামির অসাধারণ পারফরম্যান্স দেখা গেল। দিল্লির প্রথম ইনিংসে ৩০ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। ঘরের মাঠে এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। চেনা পরিবেশ-পরিস্থিতির সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই দিল্লির ব্যাটারদের চাপে রাখেন বাংলার বোলাররা। ৭৭.৩ ওভারেই ২৪০ রানে শেষ হয়ে যায় দিল্লির প্রথম ইনিংস। যশ ধুল, আয়ুষ দোসেজা, হৃতিক শোকিন ও দিবিজ মেহরার উইকেট নেন শামি। ৭৪ রান দিয়ে দু'টি উইকেট নেন আকাশ দীপ (Akash Deep)। ৪৩ রান দিয়ে এক উইকেট নেন মুকেশ কুমার (Mukesh Kumar)। অফ-স্পিনার আমির ঘানি (Amir Ghani) ভালো বোলিং করেন। তিনি ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন।
রবিবার রঞ্জি ট্রফির অন্য ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। রাজকোটে (Rajkot) সৌরাষ্ট্রের হয়ে ছত্তীশগড়ের বিরুদ্ধে (Saurashtra vs Chhattisgarh) ম্যাচে প্রথম দিনের শেষে ৭২ রান করে অপরাজিত জাডেজা। দিনের শেষে প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে ৩০৮ রান করেছে সৌরাষ্ট্র। জাডেজার পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন প্রেরক মাঁকর (Prerak Mankad)। তিনি দিনের শেষে ৯২ রান করে অপরাজিত। ওপেনার চিরাগ জানিও (Chirag Jani) ভালো ব্যাটিং করেছেন।
রঞ্জি ট্রফি এলিট গ্রুপ বি-র ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত লড়াই করলেন কর্ণাটকের (Karnataka vs Andhra) অধিনায়ক রবিচন্দ্রন স্মরণ (Ravichandran Smaran)। তাঁর শতরানের সুবাদে প্রথম ইনিংসে ২৭৪ রান করেছে গত মরসুমের রানার্স কর্নাটক। মাত্র ২২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কর্ণাটক। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন স্মরণ। ২৩ বছর বয়সি এই ব্যাটার ১২৬ রানের লড়াকু ইনিংস খেলেন। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম শতরান। উইকেটকিপার-ব্যাটার কে এল শ্রীজিতের (KL Shrijith) সঙ্গে পঞ্চম উইকেটে ১১১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। শ্রীজিতের অবদান ৮২ বলে ৫৮ রান। ভারতীয় দলের ব্যাটার কে এল রাহুল (KL Rahul), করুণ নায়ার (Karun Nair) এবং ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) বড় রান করতে ব্যর্থ হন। অন্ধ্রের হয়ে বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার ৬৯ রান দিয়ে তিন উইকেট নেন। জবাবে দিনের শেষে অন্ধ্রপ্রদেশের স্কোর ২ উইকেটে ১৬ রান। ক্রিজে রয়েছেন শেখ রশিদ ও অভিষেক রেড্ডি। দিনের শেষে ২৫৮ রানে এগিয়ে কর্ণাটক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।